সর্বশেষ সংবাদ
যুগান্তকারী আবিষ্কার চীনের, মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া যাবে এবার! 

যুগান্তকারী আবিষ্কার চীনের, মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া যাবে এবার! 

চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করল চীনের গবেষকরা। একটি নতুন মেডিকেল আঠালো পদার্থ আবিষ্কার করা হয়েছে, যা মাত্র তিন মিনিটের মধ্যে ভাঙা বা চূর্ণবিচূর্ণ হাড় জোড়া লাগাতে সক্ষম। এই আবিষ্কার অর্থোপেডিক চিকিৎসার জগতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

"Bone-02" নামের এই নতুন আঠালো পদার্থটি তৈরি করেছে ঝেজিয়াং প্রদেশের একটি গবেষক দল। প্রকল্পের প্রধান, লিন জিয়ানফেং জানান, এই আঠার ধারণা এসেছে প্রকৃতির এক বিস্ময় থেকে যা হল ঝিনুক। সমুদ্রের নিচেও ঝিনুক যেভাবে ব্রিজের মতো কঠিন কাঠামোর সাথে শক্তভাবে আটকে থাকে, সেই পদ্ধতি অনুসরণ করেই এই আঠাটি তৈরি করা হয়েছে। এর বিশেষত্ব হলো, এটি রক্তে পূর্ণ পরিবেশে যেখানে প্রচলিত আঠা কাজ করে না, সেখানেও মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে নিখুঁতভাবে হাড় জোড়া লাগাতে পারে।

 

আরও পড়ুন 'আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে', যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ শুভেন্দু অধিকারীর

 

সবচেয়ে বড় সুবিধা হলো, এই আঠালো পদার্থটি ধাতব ইমপ্লান্টের (যেমন: স্টিলের প্লেট বা স্ক্রু) মতো নয়। হাড় জোড়া লাগার পর শরীর নিজেই এই আঠাটি শোষণ করে নেয়, যার ফলে দ্বিতীয়বার অস্ত্রোপচার করে এটি অপসারণ করার কোনো প্রয়োজন পড়ে না।

এখন পর্যন্ত "Bone-02" ১৫০ জনেরও বেশি রোগীর ওপর পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। গবেষণাগারে এর ফলাফল খুবই ইতিবাচক। পরীক্ষায় দেখা গেছে, যেসব ক্ষেত্রে সাধারণত স্টিলের প্লেট ও স্ক্রু ব্যবহার করতে হয়, এই আঠা ব্যবহার করে সেসব কাজ তিন মিনিটেরও কম সময়ে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

গবেষকরা বলছেন, এই আঠালো পদার্থ দিয়ে জোড়া লাগানো হাড়ের বন্ধন শক্তি ৪০০ পাউন্ডের বেশি, যা প্রচলিত পদ্ধতির মতোই শক্তিশালী। এটি ভবিষ্যতে প্রচলিত ধাতব ইমপ্লান্টের নির্ভরযোগ্য বিকল্প হতে পারে এবং একই সাথে সংক্রমণ বা অন্য কোনো জটিলতার ঝুঁকিও কমিয়ে দেবে। যদি আরও পরীক্ষা-নিরীক্ষার পর এর কার্যকারিতা প্রমাণিত হয়, তবে অবশ্যই এটি রোগীদের জন্য দ্রুত এবং কম যন্ত্রণাদায়ক একটি চিকিৎসার বিকল্প হতে পারে।

                                                                                                                                                                                                                                                                                                                    -অঙ্কিতা পাল

পরবর্তী খবর