শুক্রবার দুপুরে কলকাতার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। দুটি দলের কিশোরের মধ্যে শুরু হয় বচসা এবং তারপরই ঘটে অবিশ্বাস্য ঘটনাটি।
জনবহুল এই মেট্রো স্টেশনে সবার সামনেই বচসা থেকে শুরু হওয়া মারামারিতে ছুরির আঘাতে ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এমন নৃশংস ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দুই দল কিশোরের মধ্যে প্রথমে হাতাহাতি শুরু হয়। এরপরই একজন ছুরি বের করে অন্য একজনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত কিশোর আলমবাজারের বাসিন্দা এবং একাদশ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ সূত্রে খবর, হামলাকারীরাও নাবালক এবং ঘটনার পর থেকেই পলাতক।
মেট্রো স্টেশনের মেঝেতে রক্তের দাগ ছড়িয়ে থাকতে দেখা যায়, যা যাত্রীদের মধ্যে চরম ভীতি সৃষ্টি করে। প্রশ্ন উঠেছে, কীভাবে একজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে মেট্রো স্টেশনের মতো একটি সুরক্ষিত জায়গায় প্রবেশ করতে পারল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে। আপাতত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই খুনের পেছনে প্রেমঘটিত বিবাদ থাকতে পারে। যদিও এই তথ্য এখনও নিশ্চিত নয়। পুলিশ হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনের প্রকৃত কারণ কী, তা এখনো স্পষ্ট নয়।
এই ঘটনা মেট্রো স্টেশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জানা যাচ্ছে যে,যাত্রীরা মেট্রো কর্তৃপক্ষের কাছে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
-অঙ্কিতা পাল