সর্বশেষ সংবাদ
ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিলেন সিপি রাধাকৃষ্ণন, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের তালিকায় বড় চমক

ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিলেন সিপি রাধাকৃষ্ণন, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের তালিকায় বড় চমক

শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। সবচেয়ে বড় চমকপ্রদ বিষয় হল যে, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সস্ত্রীক হাজির ছিলেন শপথগ্রহণে। 

এইদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। 

 

আরও পড়ুন  দক্ষিণে গরম, উত্তরে টানা বর্ষণ: কেমন হবে আগামী ক’দিনের আবহাওয়া?

 

ধনখড়ের আকস্মিক পদত্যাগেই এই নির্বাচন অনিবার্য হয়ে ওঠে। শারীরিক অসুস্থতার কারণেই তিনি দায়িত্ব ছাড়েন বলে সরকারি ভাবে জানানো হলেও বিরোধী শিবির প্রশ্ন তোলে এই পদত্যাগের পেছনের প্রকৃত কারণ নিয়ে। উল্লেখ্য, গত ২১ জুলাই পদত্যাগের পর এদিনই প্রথম জনসমক্ষে দেখা গেল তাঁকে।

ধনখড়ের পদত্যাগের কারণেই নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি হন এনডিএ সমর্থিত প্রার্থী, মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমর্থিত প্রার্থী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। ভোটগণনায় রাধাকৃষ্ণন পান ৪৫২টি ভোট, আর সুদর্শন রেড্ডি পান ৩০০ ভোট। ফলে নিরঙ্কুশ ব্যবধানে জয়ী হয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হলেন রাধাকৃষ্ণন।

আগামী পাঁচ বছরের জন্য উপরাষ্ট্রপতি পদে দায়িত্ব সামলাবেন তিনি। একই সঙ্গে, পদাধিকার বলে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বও তাঁর কাঁধে পড়বে। ধনখড়ের আমলে বিরোধী দলগুলি পক্ষপাতের অভিযোগ তুলেছিল। নতুন উপরাষ্ট্রপতি হিসেবে রাধাকৃষ্ণন ‘নিরপেক্ষ’ ভঙ্গিতে কাজ করবেন বলেই আশা করছে বিরোধী শিবির।

                                                                                                                                                               -অঙ্কিতা পাল

পরবর্তী খবর