সর্বশেষ সংবাদ
অফিসযাত্রী থেকে ছাত্রছাত্রী সবাই বিপাকে, আবারও বিপর্যস্ত কলকাতার মেট্রো

অফিসযাত্রী থেকে ছাত্রছাত্রী সবাই বিপাকে, আবারও বিপর্যস্ত কলকাতার মেট্রো

সকালবেলার ব্যস্ত শহরে হঠাৎ এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যা আগে কল্পনাও করেননি যাত্রীরা।অফিসগামী, ছাত্রছাত্রী, নিত্যযাত্রীরা সবাই যখন দ্রুত গন্তব্যে পৌঁছোতে চাইছেন, তখনই হঠাৎ থমকে গেল শহরের সবচেয়ে নির্ভরযোগ্য পরিবহন।কী ঘটল কলকাতার মেট্রোতে?কেন আটকে গেল সকালের যাত্রাপথ?

টালিগঞ্জের পর যেন পথ শেষ!মেট্রো হঠাৎ থেমে গেল মহানায়ক উত্তম কুমার স্টেশনের গণ্ডি পেরোতেই।বাধ্য হয়ে নামিয়ে দেওয়া হলো যাত্রীদের।যারা দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে যাচ্ছিলেন, তাদের যাত্রা থেমে গেল অর্ধেক পথে।কারণটা কী?মেট্রো কর্তৃপক্ষের ভাষায় কবি নজরুল স্টেশনে একটি রেক খারাপ হয়ে গিয়েছে সকাল ঠিক ৮টা ২০ মিনিট নাগাদ। তার পর থেকেই অচলাবস্থা।মেট্রো সচল শুধুই দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত।সকাল ৮টা ৪৮ মিনিটে টালিগঞ্জ স্টেশনে আনুষ্ঠানিক ঘোষণা হয়, টালিগঞ্জ পেরিয়ে আর মেট্রো যাবে না।\শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ।

আরও পড়ুন:উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিমবঙ্গে পাড়ি জমাচ্ছে খাঁটি মশলার ব্র্যান্ড: "লংতরাই" পৌঁছবে বাংলার প্রতিটি হেঁশেলে

 

স্টেশনে স্টেশনে সেই ঘোষণা শোনা যাচ্ছে।কেউ দাঁড়িয়ে আছেন হতাশ হয়ে, কেউ চেপে ধরেছেন মোবাইল ফোন বিকল্প পথে কীভাবে গন্তব্যে পৌঁছোনো যায়, তার খোঁজ চলছে।ময়দানে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন থেকে ঘোষণা পর্যন্ত করা হলো “সিগন্যাল না থাকার কারণে পরিষেবায় ব্যাঘাত ঘটছে।”ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অনেক যাত্রী অবশেষে হাল ছেড়ে দিয়ে বাস-ট্যাক্সির দিকে ছুটলেন।অভিযোগ উঠছে আরেক দিক থেকেও।লাইন গোলমালের কারণে টালিগঞ্জ পর্যন্ত চলা মেট্রোও থেমে থাকছে মাঝপথে।বিপাকে পড়েছেন সকালের ব্যস্ত সময়ে হাজার হাজার মানুষ।

আসলে সমস্যার শেষ নেই কলকাতা মেট্রোয়।কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ার পর থেকে সেই স্টেশন বন্ধ।ফলে শহিদ ক্ষুদিরাম এখন প্রান্তিক স্টেশন।কিন্তু সমস্যার যেন আর শেষ নেই।প্রতিদিনই যাত্রীরা নতুন নতুন অভিযোগ তুলছেন।ধর্মতলা থেকে শিয়ালদহ রুট চালু হওয়ার পর ভিড়ের চাপ আগের থেকে বহুগুণ বেড়েছে।এ অবস্থায় সামনের পুজোর সময় কী হবে, তা নিয়ে চিন্তায় যাত্রীরা।এভাবেই কি বারবার থেমে যাবে মেট্রো?প্রতিদিন কি যাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকবে?সকালবেলা শহরের বুক জুড়ে ছড়িয়ে থাকা সেই একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে কলকাতার মেট্রো পরিষেবা?

                                                                                                                                                                                                                      -জ্যোতি সরকার

পরবর্তী খবর