বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোয় আর মাত্র কয়েকদিন। সেইমত প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়। আর পুজো মানেই কিন্তু চমক। কয়েকবছর আগে ঠিক যেমন দেখা মিলে ছিল বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার, তেমনই হয়তো বিশ্বের সব থেকে ছোট দুর্গা প্রতিমার দেখা মিললেও মিলতে পারে, তাই নয় কি?
এবারের দুর্গাপুজোয় অখিল ভারতীয় হিন্দু মহাসভার পুজোর থিম "মাতৃভাষা মাতৃদুগ্ধ সম"। এই পুজো আয়োজিত হবে রুবি হাসপাতাল মোড়ে। জানা যাচ্ছে, আমাদের মাতৃভাষা বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরতেই এই থিম। বাংলার ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় যখন রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক সেই সময়েই এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে এই পুজো।
আরও পড়ুন চন্দ্রনাথ সিংহের হাজিরা, তদন্তের নতুন মোড়!
তবে, এই পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা প্রতিমা। আর এই প্রতিমা গড়ার দায়িত্ব নিয়েছেন নদিয়ার বিখ্যাত মৃৎশিল্পী মানিক দেবনাথ। জানা যাচ্ছে, হিন্দু মহাসভার পক্ষ থেকে মানিকবাবুর নাম গিনেস বুকে নাম অন্তর্ভুক্ত ও পদ্মশ্রী পুরস্কারের জন্য প্রস্তাব পাঠানো হচ্ছে।
রুবি মোড়ের হিন্দু মহাসভার দুর্গাপুজো বিগত কয়েক বছর ধরে তাদের বিতর্কিত থিমের জন্য বরাবরই জনপ্রিয়তা অর্জন করেছে। এর আগে এই পুজোতে দেখা গেছে —
তবে, এবারের থিম জনপ্রিয়তার দিক থেকে আগের সবগুলিকে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী।
এবিষয়ে তিনি বলেন, "হিন্দুমহাসভা পশ্চিমবঙ্গ শাখার প্রতিটি সদস্য গর্বিত হিন্দু বাঙ্গালী । আমাদের কাছে বাঙ্গালীর রোল মডেল হলেন রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, শ্যামাপ্রসাদ মুখার্জি, বিনয়, বাদল, দীনেশ সহ ভারত মায়ের বীর সন্তানেরা।"
তিনি আরও জানান, এই পুজো সরকারি বা ব্যক্তিগত অনুদানে নয়, শুধুমাত্র হিন্দু মহাসভার সদস্যদের নিজস্ব খরচে পরিচালিত হয়। সমাজের উদ্দেশ্যে ইতিবাচক বার্তা দিতে প্রতি বছরই বিশেষ বিশেষ থিম বেছে নেওয়া হয়।
এছাড়াও এবারের পুজো মণ্ডপে কিছু বিশেষ আকর্ষণ হিসেবে একটি বাংলা টোল থাকবে, যেখানে অবাঙালিদের জন্য স্পোকেন বাংলা শেখার ক্লাস নেওয়া হবে। সেইসঙ্গে বাংলার বাইরেও বাংলা ভাষা শিক্ষার প্রসারে কাজ করার পরিকল্পনা রয়েছে।
হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল জানান, "আমরা বাংলার প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান অতিথি হিসেবে এবং সাংবিধানিক প্রধান রাজ্যপাল সি.ভি.আনন্দ বোসকে মুখ্য উপদেষ্টা হিসেবে পেতে আগ্রহী হলেও জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাইকে আমরা আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি।"
প্রতিবছরের মতো এবছরও হিন্দুমহাসভার দুর্গা পুজোর থিম আবারও আলোচনার কেন্দ্রেবিন্দুতে থাকতে চলেছে, সেই বিষয়ে আপাতত কোন সন্দেহ নেই।
-দিশা দাস