প্রতিদিন বাদুড়ঝোলা আর ঘামে ভেজা লোকাল ট্রেন যাত্রার সেই ভয়াবহ অভিজ্ঞতা এবার ইতিহাস হতে চলেছে? হাজার হাজার মানুষের যাতায়াতে এবার আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। কোথায়, কখন আর কত ভাড়ায় সেই উত্তর জানলে সবাই অবাক হবে!
আজ থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে সরাসরি রানাঘাট পর্যন্ত চলবে এসি লোকাল ট্রেন। এছাড়াও মিলবে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত এসি লোকালের সুবিধা।
আরও পড়ুন আজ থেকেই কি ভেসে যাবে কলকাতা-সহ একাধিক জেলা?
রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে এসি লোকাল পৌঁছবে বনগাঁ হয়ে শিয়ালদহে সকাল ৯টা ৩৭ মিনিটে। আবার সন্ধে ৬টা ১৪ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত ৮টা ৪১ মিনিটে পৌঁছবে রানাঘাট।
কৃষ্ণনগর রুটে সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে, আর দুপুর ১২টা ০৭ মিনিটে পৌঁছবে কৃষ্ণনগরে।কৃষ্ণনগর থেকে ফেরার ট্রেন দুপুর ১টা ৩০ মিনিটে ছাড়বে, এবং বিকেল ৩টা ৪০ মিনিটে এসে পৌঁছবে শিয়ালদায়।
এখন প্রশ্ন ভাড়া কত? শিয়ালদহ থেকে বিধাননগর বা দমদম জংশন পর্যন্ত ৩৫ টাকা। শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত ৬০ টাকা। শিয়ালদহ থেকে হাবরা ৯০ টাকা। শিয়ালদহ থেকে বনগাঁ ১২০ টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট ১৫০ টাকা।
অন্যদিকে, শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে,
শিয়ালদহ থেকে বারাকপুর ৬০ টাকা। শিয়ালদহ থেকে নৈহাটি ৯০ টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট ১২০ টাকা। আর শিয়ালদহ থেকে সরাসরি কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে ১৪০ টাকা।
প্রথম দিনেই যাত্রীরা বলছেন এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত। ঝকঝকে কামরা, ঠান্ডা আরামের ট্রেন সঙ্গে নিরাপত্তার কড়া ব্যবস্থা। অনেকে বলছেন, এতদিনে বনগাঁ লোকাল যেন সত্যিই এলিট রূপ পেল! তবে নিত্যযাত্রীরা দাবি তুলেছেন ভাড়া যদি একটু কম হয়, তবে আরও বেশি মানুষের নাগালের মধ্যে আসবে এই বিলাসবহুল পরিষেবা।
এটা শুধু একটা নতুন ট্রেন নয়,এটা সাধারণ মানুষের যাত্রার নতুন স্বস্তি। আগে যেখানে বনগাঁ লোকাল মানেই ভিড় আর গরম,এবার থেকে সেই ছবিটা বদলে যাবে। আজকের দিনটা তাই যাত্রীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এবার থেকে লোকাল ট্রেনের যাত্রা হবে আরও আরামদায়ক আর আধুনিক।
-জ্যোতি সরকার