আজ সকালেই কলকাতা শহরে হঠাৎ নামল ঝেঁপে বৃষ্টি। কিছু মিনিট ধরে টানা বৃষ্টি, তারপরই আবার রোদ ঝলমল আকাশ। খামখেয়ালি এই আবহাওয়া আরও কয়েকদিন চলতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই এর জন্য দায়ী। এই নিম্নচাপের জেরেই চারটি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।এখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন শহরে বন্ধ হতে চলেছে রাতের মেট্রো! আকস্মিক সিদ্ধান্তে ধন্দে যাত্রীরা
এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে একাধিক জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টি নামতে পারে। শুক্রবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
অন্যদিকে, উত্তরবঙ্গেও আজ বৃষ্টি থামবে না।সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। বিশেষত জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও রবিবার থেকে ফের শুরু হবে ভারী বর্ষণ। তখন আবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি তীব্র হবে।সোমবার থেকে দার্জিলিং ও কালিম্পংয়েও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপটি বিকেলের পর ওডিশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকবে। এর পরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এই কারণে বুধবারও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে।
কলকাতার তাপমাত্রাও কিছুটা নেমে এসেছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলোতে আজ ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বেশির ভাগ জেলায়। শনিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে আবার বেড়ে যাবে।
পাশাপাশি ,উত্তরবঙ্গেও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি কমলেও রবিবার ও সোমবার আবার ভারী বৃষ্টি শুরু হবে।
আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বেশির ভাগ জেলাতেই ছাতা আর রেইনকোট ছাড়া বাইরে বেরোনো মুশকিল। আবহাওয়া দফতর ইতিমধ্যেই নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আবহাওয়ার পরবর্তীআপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইনস্ কলকাতার উপর।
-জ্যোতি সরকার