অফিস যাত্রীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হতে চলেছে রাতের মেট্রো পরিষেবা। হঠাৎ এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠছে নানা মহলে।
এতদিন যাবৎ শনি-রবিবার বাদে সোম-শুক্র পর্যন্ত রাত ১০টা ৪০ মিনিটে শহিদ ক্ষুদিরাম ও দমদম স্টেশন থেকে একটি করে রাতের শেষ স্পেশাল মেট্রো চলত। রাতে বাড়ি ফেরার জন্য বহু মানুষ এই শেষ মেট্রোর ওপর নির্ভর করতেন। সূত্রের খবর, সেই স্পেশাল মেট্রো পরিষেবাই বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে, বিপাকে পড়েছেন রাতের অফিস ফেরত নিত্যযাত্রীরা।
আরও পড়ুন শওকত মোল্লার কনভয়ের সাথে সংঘর্ষ, মৃত্যু বাইক আরোহীর
যদিও এই ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, বর্তমানে রাতে যাতায়াতের জন্য আরও অনেক বিকল্প পরিবহন আছে (যেমন অ্যাপ ক্যাব, বাস, অটো ইত্যাদি), তাই এই ট্রেন চালানোর প্রয়োজন নেই। তবে মেট্রো কর্মী সংগঠনগুলোর দাবি, পর্যাপ্ত রেক ও চালক নেই বলেই এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের মতে, যাত্রীদের কথা না ভেবে নিজেদের সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এই সিদ্ধান্ত ঘিরে নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই বলছেন, "রাতের শেষ মেট্রোটা অনেকের ভরসা ছিল। এখন আবার অটো, বাস ধরে ঘুরে ঘুরে বাড়ি ফিরতে হবে। তাও যদি মেলে!" যাত্রীদের দাবি, যাঁরা রাতে কাজ করেন বা দূর এলাকা থেকে আসেন, তাঁদের কথা ভেবে এই পরিষেবা আবার চালু করা উচিত।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কোনও ঘোষণা ছাড়াই হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? বর্তমানে অনেকরকম বিকল্প পরিবহন ব্যবস্থা থাকলেও, সেগুলো সবসময় নিরাপদ বা সাশ্রয়ী হয়না বলেও অনেকের দাবি। তাই অনেকেই চাইছেন, রাতের শেষ মেট্রো পরিষেবা পুনরায় চালু করা হোক।
-দিশা দাস