সর্বশেষ সংবাদ
নিয়োগ দুর্নীতির প্রতিবাদ: কান ধরে ওঠবস করে ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর

নিয়োগ দুর্নীতির প্রতিবাদ: কান ধরে ওঠবস করে ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর

পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার কাউন্সিলর পার্থসারথি মাইতি নিজের দলের বিরুদ্ধে সরব হয়েছেন এক নাটকীয় প্রতিবাদের মাধ্যমে! নিয়োগ দুর্নীতিতে জেলার তৃণমূল নেতৃত্বের একাংশ জড়িত থাকার অভিযোগ তুলে তিনি প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়ে কান ধরে ওঠবস করেছেন। ইতিমধ্যেই তার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পেশায় আইনজীবী পার্থসারথি মাইতি দাবি করেছেন, পূর্ব মেদিনীপুরের কিছু তৃণমূল নেতা টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছেন। এই দুর্নীতির সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাও জড়িত। কিন্তু দলের শীর্ষ নেতারা সবকিছু জেনেও চুপ করে আছেন। পার্থ মাইতি জানান, তার এই পদক্ষেপ আসলে নীরব নেতাদের হয়ে জনগণের কাছে ক্ষমা চাওয়ার একটি প্রতীকী রূপ।

 

আরও পড়ুন  পুলিশ-সেনা সংঘাত চরমে, রাইটার্স বিল্ডিংয়ের সামনে আটক সেনার ট্রাক

 

সম্প্রতি এসএসসি প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় পূর্ব মেদিনীপুরের অনেক নাম উঠে আসার পর এই বিতর্ক আরও জোরালো হয়েছে। পার্থ মাইতি স্পষ্ট করে বলেছেন, এই বিপুল সংখ্যক ভুয়া শিক্ষক নিয়োগের পেছনের আসল কারিগরকে তৃণমূলের একাংশ এখনও আড়াল করছে। তিনি বলেন, "পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত নেতা টাকা নেওয়ার পরেও মুখ খুলছেন না এবং বিরোধী দলনেতা যে বড় বড় ভাষণ দিচ্ছেন, তার একমাত্র কারণ আমাদের নেতৃত্বের মুখ না খোলা। তাঁদের হয়ে মানুষের কাছে আমি ক্ষমা চাইছি।"

পার্থ মাইতির মতে, পূর্ব মেদিনীপুর আন্দোলন ও স্বাধীনতার জেলা। কিন্তু এখন কিছু স্বার্থান্বেষী নেতার মদতে একজন "মহাচোর" বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি মনে করেন, দলেরই কিছু নেতা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, আর এখন নিজেদের গদি বাঁচাতে প্রমাণ থাকা সত্ত্বেও তারা সেই ব্যক্তিকে আড়াল করছেন।

এই ঘটনার পর অন্য রাজনৈতিক দলগুলোও নীরব থাকেনি। তমলুক পুরসভার বিজেপি কাউন্সিলর শবরী চক্রবর্তী এই ঘটনাকে প্রচারের কৌশল বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় এই কাজকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দলকে ছোট করার চেষ্টা বলে মনে করেন।

তবে একজন জনপ্রতিনিধির এই ধরনের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ঘটনা শুধু বিতর্কই নয়, বরং দলের ভেতরে চলা চাপা ক্ষোভকেও সামনে এনেছে। এই ঘটনা প্রমাণ করে, নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের অভ্যন্তরেও সব কিছু ঠিক নেই।

                                                                                                                                                                                                                                                                         -অঙ্কিতা পাল

পরবর্তী খবর