মেয়ো রোডে তৃণমূলের 'ভাষা আন্দোলনের' মঞ্চ সরানোর পর এবার নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে কলকাতা পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে। মঙ্গলবার সকালে রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনাবাহিনীর একটি ট্রাক আটক করা হয়েছে, যা দু'পক্ষের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে ফোর্ট উইলিয়াম থেকে একটি সেনার ট্রাক আসছিল। ওই সময় ট্র্যাফিক আইন না মেনে বিপজ্জনকভাবে চালানোর অভিযোগে পুলিশ সেটি আটক করে। পুলিশের দাবি, ট্রাকটি ঝুঁকিপূর্ণভাবে বাঁক নিচ্ছিল এবং এর ঠিক পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয়।
আরও পড়ুন বিধানসভায় হঠাৎ চাঞ্চল্য! রাজ্য রাজনীতিতে নতুন বিস্ফোরণ
অন্যদিকে, সেনার দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা জানিয়েছে, ট্রাকটি নিয়ম মেনেই চলছিল এবং কোনো ধরনের বেপরোয়া চালনা হয়নি। ট্রাকে থাকা এক জওয়ান সাংবাদিকদের বলেন, সিগন্যাল খোলা ছিল এবং ট্রাকটি ধীরে বাঁক নিচ্ছিল। পিছনের গাড়ির গতি বেশি থাকলে এমন সমস্যা হতেই পারে।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ সরানো নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ চলছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে সেনা কর্তৃপক্ষ জানায়, ময়দান এলাকায় দুই দিনের বেশি কোনো কর্মসূচির অনুমতি নেই। কিন্তু তৃণমূলের মঞ্চটি প্রায় এক মাস ধরে সেখানে ছিল। বারবার অনুরোধ সত্ত্বেও মঞ্চটি না সরানোয় সেনা নিজেই সেটি সরিয়ে নেয়। এই পদক্ষেপের কথা তারা কলকাতা পুলিশকে আগেই জানিয়েছিল।
এই দুটি ঘটনা পরপর ঘটায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, সেনার ট্রাক আটক করাটা মেয়ো রোডের মঞ্চ সরানোর ঘটনার একটি পরোক্ষ প্রতিক্রিয়া হতে পারে। তবে এই টানাপোড়েন কোথায় গিয়ে থামবে, সেটাই এখন দেখার বিষয়।
-অঙ্কিতা পাল