সর্বশেষ সংবাদ
'Manpho তে মহোৎসব': যেখানে দুর্গা প্রতিমার ঐতিহ্য মিশেছে বিশ্ববিখ্যাত শিল্পের সাথে

'Manpho তে মহোৎসব': যেখানে দুর্গা প্রতিমার ঐতিহ্য মিশেছে বিশ্ববিখ্যাত শিল্পের সাথে

বাঙালি মানেই দুর্গাপুজোর জন্য অপেক্ষা,সে বাঙালি বঙ্গবাসী হোক কিংবা প্রবাসী। তেমনই ভিনরাজ্য কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালোরে বাঙালি সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব হল দুর্গাপুজো। এইবছর উত্তরণ-এর 'Manpho তে মহোৎসব' এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। কারণ এই বছর পূজা মণ্ডপে মা দুর্গার প্রতিমা এক অনন্য রুপে সজ্জিত হবেন।

কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পৃথ্বীরাজ চৌধুরী-র একটি বিশ্ববিখ্যাত চিত্রকর্মকে এই মহোৎসবে প্রথমবারের মতো মাটির প্রতিমায় রূপ দেওয়া হচ্ছে। বাঙালির কাছে দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি এক আবেগ, এক ভালোবাসার গল্প। আর সেই গল্পে এবার নতুন মাত্রা যোগ করতে চলেছে এই শিল্পকর্ম।

আরও পড়ুন ট্রাম্পের ট্যারিফেই বাড়ছে শেয়ার মার্কেট! ভারত-আমেরিকা বাণিজ্যিক বিবাদ কি তবে শেষের পথে?

ব্যাঙ্গালোরের কুমোরটুলিতে এখন উৎসবের আমেজ। প্রায় ৫০টিরও বেশি প্রতিমার ভিড়ে পৃথ্বীরাজ চৌধুরীর শিল্পকর্ম থেকে তৈরি হওয়া এই প্রতিমাটি আলাদা করে নজর কাড়ছে। এর শৈল্পিক রূপ, প্রচলিত প্রতিমার থেকে অনেকটাই ভিন্ন, যা বাঙালির চিরাচরিত দুর্গাপূজার নান্দনিকতায় এক আধুনিক ছোঁয়া এনে দিয়েছে।

শিল্পী পৃথ্বীরাজ চৌধুরী এই ঐতিহাসিক কাজের অংশ হতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার একটি চিত্রকর্ম যখন ত্রিমাত্রিক মাটির প্রতিমায় পরিণত হচ্ছে, তা সত্যিই এক অসাধারণ অনুভূতি। এটি ভারতে প্রথমবার ঘটছে এবং আমি গর্বিত যে উত্তরণের এই পূজার মাধ্যমে তা সম্ভব হচ্ছে। আমি সবাইকে এই অনন্য সৃষ্টি দেখতে আসার জন্য আমন্ত্রণ জানাই।”

উল্লেখ্য, আগামী ২৮শে সেপ্টেম্বর, মহা ষষ্ঠীর দিনে, মনফো কনভেনশন সেন্টারে এই মহোৎসবের উদ্বোধন হবে। এই আয়োজন শুধু পূজা নয়, বরং শিল্প, ঐতিহ্য আর বাঙালি সংস্কৃতির এক মিলনক্ষেত্র। এই মুহূর্তে প্রতিমার শেষ পর্যায়ের কাজ চলছে, এবং আশা করা হচ্ছে যে তাতে শিল্পীর মূল কাজের গভীরতা ও সৌন্দর্য আরও উজ্জ্বলভাবে ফুটে উঠবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ প্রতিমা শুধু ভক্তদের নয়, শিল্পপ্রেমীদেরও মুগ্ধ করবে। সর্বোপরি, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং বাঙালির প্রাণের উৎসবে অংশ নিতে সবাই অধীর আগ্রহে অপেক্ষারত।

                                                                                                                                                                                                     -অঙ্কিতা পাল

পরবর্তী খবর