কোনও বলিউড তারকা হঠাৎ যদি টলিউডের ছবিমুক্তির আসরে হাজির হন, কেমন হয় সেই মুহূর্ত? আর যদি তাঁর পাশে বসেন বাংলার 'চারুলতা', টলিউডের তারকা থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় তখন কি সাধারণ প্রিমিয়ারের পরিবেশ একই রকম থাকে?"
শুক্রবার দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘বেলা’ ছবির বিশেষ প্রদর্শনীতে যেন এমনই এক অনন্য দৃশ্য তৈরি হল। এই ছবির মুক্তিকে ঘিরে একসঙ্গে জড়ো হলেন টলিউডের নামকরা অভিনেতা-পরিচালক, বলিউডের অভিজ্ঞ অভিনেতা অনুপম খের, বাংলার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এবং আরও অনেকে।
আসলে কলকাতায় নিজের নতুন ছবি ‘তনভীর দ্য গ্রেট’-এর বিশেষ প্রদর্শনের জন্য এসেছিলেন অনুপম খের। সেই সুযোগেই বন্ধু ঋতুপর্ণার আমন্ত্রণে তিনি যোগ দেন বাংলা ছবির প্রিমিয়ারে। হাসিমুখে অনুপম জানান শহর বদলালেও প্রিমিয়ারের আবহ আলাদা হয় না, তবে বাংলা ছবির প্রথম মুক্তিতে উপস্থিত থাকতে পেরে তিনি সত্যিই খুশি।
আরও পড়ুন সুবর্ণ সময়ে বাঁচানো যাবে জীবন, কলকাতায় স্ট্রোকের বিরুদ্ধে সচেতনতা অভিযান
এই বিশেষ প্রদর্শনীর মাধ্যমে পরিচালনার জগতে প্রথম পদক্ষেপ নিলেন অনিলাভ চট্টোপাধ্যায়। নিজের প্রথম ছবির মুক্তি ঘিরে তিনি দর্শকের আশীর্বাদ চাইলেন এবং জানালেন, দর্শক পাশে থাকলে আরও ছবি বানানোর সাহস পাবেন।
এই অনুষ্ঠানকে ঘিরে রঙিন হয়ে উঠল তারকার ভিড়। টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, অভিনেতা রুদ্রনীল ঘোষ, প্রযোজক রানা সরকারসহ অনেকে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান নতুন পরিচালককে। বিশেষভাবে নজর কাড়লেন বিধায়ক মদন মিত্র হলুদ রঙের উপরে লাল ফুলছাপ সিল্কের পাঞ্জাবিতে। তিনি জানালেন, দর্শক সব সময় ভালো বাংলা ছবির জন্য অপেক্ষা করে থাকে।
সেই ভিড়ে ছিলেন বাংলার কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও, যিনি এক সময় সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ হয়ে উঠেছিলেন দর্শকের মনে। তিনি স্পষ্ট বললেন,ছবিমুক্তি মানেই অভিনেতা, পরিচালক এবং প্রযোজকের অগ্নিপরীক্ষা, আর সফল হলে তবেই পরের ছবি হবে। তাঁর পাশেই বসে ছবির প্রদর্শন উপভোগ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই দিন উপস্থিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ক্রিকেট মাঠের নায়ক এবার হলের আসরে এসে শুভেচ্ছা জানালেন। ঋতুপর্ণার ঘনিষ্ঠ বান্ধবী শ্রীময়ী চট্টরাজও এসেছিলেন— তবে স্বামী কাঞ্চন মল্লিক শুটিংয়ে ব্যস্ত থাকায় তিনি একাই হাজির হন। তবে অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে হঠাৎ দৌড়ে ঢুকে পড়েন কাঞ্চন মল্লিক। তখন তাঁর মুখে শুধু একটাই প্রশ্ন ছবি কি শেষ হয়ে গেল? সংসার চালানোর ব্যস্ততা আর শুটিংয়ের কাজের ফাঁকেই তিনি ছুটে এসেছিলেন স্ত্রীকে নিতে।
এই ছবিতে ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়, দেবপ্রতিম দাশগুপ্ত, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় এবং আরও অনেকে। ছবির বিষয় বাঙালির চিরপরিচিত নাম— বেলা দে। যিনি এক সময় আকাশবাণীর ‘মহিলামহল’ অনুষ্ঠানের কণ্ঠ হয়ে উঠেছিলেন। তাঁর লড়াকু জীবনের কাহিনি আজও বাঙালির স্মৃতিতে অম্লান। সেই কাহিনি নিয়েই তৈরি হয়েছে নতুন পরিচালকের এই ছবি, আর নাম ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
লাল সিল্ক শাড়ি, ভারী গয়না আর লম্বা বেণীতে জুঁইয়ের মালায় সাজানো ঋতুপর্ণাকে দেখে মনে হচ্ছিল যেন আজ তিনি রাজেন্দ্রাণী। প্রেক্ষাগৃহে তাঁর চারপাশে ভিড় জমিয়েছিল কলাকুশলী ও অতিথিরা।
এ যেন শুধু ছবির মুক্তি নয় বরং টলিউডের তারকাদের এক মিলনমেলা। যেখানে সৌরভ থেকে অনুপম, চারুলতা থেকে মদন সবার উপস্থিতি ‘বেলা’র প্রিমিয়ারকে করে তুলল স্মরণীয় এক সন্ধ্যা।
-জ্যোতি সরকার