ব্রাজিলের মাঠে নেইমারের বিপক্ষে খেলে আলো কাড়ার পর, এবার কলকাতার সবুজ–মেরুন জার্সি গায়ে চাপাতে চলেছেন এই তারকা। মোহনবাগান সুপার জায়ান্টে ষষ্ঠ বিদেশি হিসেবে যোগ দিচ্ছেন তিনি।
ফুটবল দুনিয়ায় রবসন রবিনহো নামে পরিচিত এই ব্রাজিলিয়ান তারকা সোমবার সকালেই পা রাখছেন শহরে। মাত্র ৩০ বছর বয়সেই রবসন নিজেকে প্রমাণ করেছেন সফল স্ট্রাইকার হিসেবে। সাও পাওলো থেকে শুরু হওয়া ফুটবল যাত্রায় তিনি জাতীয় দলের জার্সিতে খেলেছেন, আবার ক্লাব স্তরেও রেখে গেছেন উজ্জ্বল ছাপ। ৯৭ ম্যাচে করেছেন ৬৪ গোল এবং সতীর্থদের সহায়তায় করিয়েছেন আরও ৪৯টি। ফলে দক্ষিণ আমেরিকার পাশাপাশি এশিয়াতেও সমান জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
আরও পড়ুন উৎসবের মুখে বিপত্তি! একসাথে বাতিল শতাধিক এক্সপ্রেস
বাংলাদেশের বসুন্ধরা কিংসে দীর্ঘ সময় কাটিয়ে গোলমেশিন তকমা অর্জন করেছেন রবসন। সেখানে একের পর এক সাফল্য এনে দিয়েছেন ক্লাবকে। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগবে কলকাতার মাঠে। রবসন দুই উইংয়ে খেলতে যেমন পারদর্শী, তেমনই নাম্বার–টেন পজিশনেও সফল। ফলে মোহনবাগানের আক্রমণভাগে যে বাড়তি শক্তি আসতে চলেছে, তা নিয়েই উচ্ছ্বসিত সমর্থকরা।
ক্লাবের তরফে জানানো হয়েছে, রবসনের সঙ্গে চুক্তি দীর্ঘ মেয়াদের। তাঁর আগমনে গোটা দল আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলেই আশা কর্মকর্তাদের। তিন বছরে সাতটি ট্রফি জেতা এই ব্রাজিলিয়ান তারকার স্বপ্ন এবার ভারতীয় মাটিতে নতুন অধ্যায় রচনা করা। সমর্থকদের প্রত্যাশা, রবসনের গোলেই আরও একবার জয়ের স্বাদ পাবে সবুজ–মেরুন ব্রিগেড।
-রিয়া হালদার।