আজ কলকাতার সি.আই.টি. রোডে অবস্থিত কংগ্রেসের রাজ্য সদর দপ্তর ‘বিধান ভবন’-এ ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। জানা গেছে এই হামলার নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। অভিযোগ, রাকেশ সিংহ তাঁর অনুগামী কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে বিধান ভবনে প্রবেশ করে সেখানে হামলা চালান।
ঘটনাস্থলে থাকা সূত্রে জানা গেছে, বিজেপি কর্মীরা কংগ্রেস অফিসে ভাঙচুরের পাশাপাশি মারপিটও করে। ওই সময় অফিস কার্যত ফাঁকা থাকায় হাতে গোনা কয়েকজন স্টাফ ও কংগ্রেস কর্মীকে আক্রমণ করা হয়। এমনকি অফিসে থাকা রাহুল গান্ধীর পোস্টারে কালি লাগানো হয় এবং তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন ৫০ কোটি গ্রাহকের পর এবার আইপিও: জিওর নতুন লক্ষ্যমাত্রা প্রকাশ করলেন মুকেশ আম্বানি
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, বিধান ভবন থেকে মাত্র কয়েক ফিট দূরেই এন্টালি থানা। তবুও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি বলে অভিযোগ উঠেছে।রাকেশ সিংহ পরে জানান, ভোট চুরির অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদেই এই আক্রমণ চালানো হয়েছে। তবে রাজনৈতিক মহল বলছে, আইনকে প্রকাশ্যে অগ্রাহ্য করার বিজেপির অন্যতম নিদর্শন এই ঘটনা।
এই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সুমন রায় চৌধুরীর সঙ্গে।তিনি বলেন " বিজেপি এই সমস্ত কাজ করে নিজেদের ভিতরের ব্যর্থতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, রাহুল গান্ধী নিজের ন্যারেটিভ প্রমাণ করতে সফল হয়েছেন তাই বিজেপির এত রাগ"।
জানা গেছে কংগ্রেসের তরফ থেকে FIR রুজু করা হয়েছে এই হামলার ঘটনার জন্য। সবমিলিয়ে বলা যায়,নয়া দিল্লীতে ঘটে যাওয়া একের পর এক প্রতিবাদ ও ঘটনার আলোড়ন এবার ছড়িয়ে পড়েছে বাংলায়।
-অঙ্কিতা পাল