৪৮তম বার্ষিক সাধারণ সভায় বড় ঘোষণা মুকেশ আম্বানির! এবার কী সুবিধা পেতে চলেছে গ্রাহকরা?
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করেছেন যে, তার টেলিকম সংস্থা Jio খুব শীঘ্রই শেয়ার বাজারে তাদের ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) নিয়ে আসছে। ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যেই জিওকে তালিকাভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। শুক্রবার কোম্পানির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (AGM) এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেন মুকেশ আম্বানি।
আরও পড়ুন আমেরিকার নতুন ভিসা পলিসিতে কড়াকড়ি: প্রায় কোটি টাকার ধাক্কা ভারতীয় কর্মীদের
মুকেশ আম্বানি জানান, জিও ইতিমধ্যেই তাদের আর্থিক সক্ষমতা প্রমাণ করেছে। FY-25 অর্থবছরে জিওর আয় দাঁড়িয়েছে ১,২৮,২১৮ কোটি টাকা (১৫.০ বিলিয়ন ডলার), যা আগের বছরের তুলনায় ১৭% বেশি। এর EBITDA ছিল ৬৪,১৭০ কোটি টাকা (৭.৫ বিলিয়ন ডলার)। তিনি বলেন, এই পরিসংখ্যানগুলো জিওর বিপুল সম্ভাবনাকে তুলে ধরে এবং নিশ্চিতভাবে এটি বিনিয়োগকারীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় সুযোগ হবে।
আম্বানি আরও জানান, Jio ৫০ কোটিরও বেশি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছে। তিনি এই বিশাল গ্রাহক সংখ্যার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে গ্রাহকদের অটল বিশ্বাস ও সমর্থনের প্রতীক বলে অভিহিত করেন।
ভবিষ্যতের জন্য Jio - র পরিকল্পনার কথা তুলে ধরে মুকেশ আম্বানি পাঁচটি বড় প্রতিশ্রুতির কথা জানান:
সংযুক্ত ভারত: মোবাইল ও হোম ব্রডব্যান্ডের মাধ্যমে প্রতিটি ভারতীয়কে সংযুক্ত করা হবে।
ডিজিটাল হোম: Jio স্মার্ট হোম, জিওটিভি+ এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা দিয়ে প্রতিটি ভারতীয় বাড়িকে উন্নত করা হবে।
ব্যবসার ডিজিটালাইজেশন: সহজ ও সুরক্ষিত প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি ভারতীয় ব্যবসা ও উদ্যোগকে ডিজিটালাইজ করা হবে।
এআই বিপ্লব: ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিপ্লবের সূচনা করা হবে, যার স্লোগান হলো “সবার জন্য, সব জায়গায় AI”।
বৈশ্বিক বিস্তার: Jio ভারতের বাইরেও তাদের কার্যক্রম প্রসারিত করবে এবং নিজেদের তৈরি প্রযুক্তি বিশ্বজুড়ে ছড়িয়ে দেবে।
Jio - র নেতৃত্বদানকারী আকাশ আম্বানি বলেন, জিও তার কাছে শুধুমাত্র একটি কোম্পানি নয়, বরং তার পেশাগত জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, “আমি Jio -র সঙ্গে বড় হয়েছি এবং এটিকে একটি স্বাধীন কোম্পানি হিসেবে দেখতে পাওয়া আমার জন্য গর্বের ও আনন্দের।” তিনি মুকেশ আম্বানির দূরদর্শিতা ও পথনির্দেশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে, জিও ভারতের ডিজিটাল ভবিষ্যত গড়ার জন্য নতুন শক্তি ও অটল সংকল্প নিয়ে এগিয়ে যাবে।
-অঙ্কিতা পাল