সর্বশেষ সংবাদ
আরজি কর কেলেঙ্কারিতে ডেপুটি মেয়র অতীন ঘোষকে ঘিরে তদন্তে নেমেছে সিবিআই

আরজি কর কেলেঙ্কারিতে ডেপুটি মেয়র অতীন ঘোষকে ঘিরে তদন্তে নেমেছে সিবিআই

উত্তর কলকাতার শ্যামবাজার এলাকায় হঠাৎ করেই দেখা গেল একের পর এক সিবিআইয়ের গাড়ি। চারদিকের মানুষের চোখ তখন একটাই দিকে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়ি। তিনটি সিবিআইয়ের গাড়ি একসাথে ঢুকে যায় গলিতে।সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।এলাকায় মুহূর্তে তৈরি হয় চাঞ্চল্য।

কারণ একটাই আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত। সেই তদন্তেই এবার সরাসরি অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই। খবর পাওয়া গেছে, অতীন ঘোষ বাড়িতেই ছিলেন। তাই শুরু হয় তাঁকে ঘিরে টানা জিজ্ঞাসাবাদ।

এই মামলার সূত্রপাত হয়েছিল এক ভয়ঙ্কর ঘটনার পর। ২০২৪ সালের ৯ অগস্ট আরজি করে এক মহিলা চিকিৎসককে নির্যাতন করে খুন করা হয়। সেই সময় শহর জুড়ে নেমে এসেছিল বিক্ষোভের ঢল। এরপরই প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ।

 

আরও পড়ুন ট্রাম্পের চাপকে বুড়ো আঙুল! বাণিজ্য ও প্রতিরক্ষা নিয়ে ভারত-জাপান সম্পর্ক আরও মজবুত

 

অভিযোগ স্পষ্ট,হাসপাতালের জন্য বরাদ্দ কোটি কোটি টাকার ব্যবহার হয়েছে নয়ছয় করে। কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই মামলার তদন্তভার নেয় সিবিআই। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি এখনও জেলে। সন্দীপ-সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জগঠনও করেছে সিবিআই।সেই মামলাই এখন বিচারাধীন আলিপুর আদালতে।

প্রথম থেকেই দুর্নীতির প্রসঙ্গে একাধিকবার উঠে এসেছে অতীন ঘোষের নাম। তাই আজ তাঁকে মুখোমুখি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদ করতে গিয়েছেন আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসার।তাঁর সঙ্গে রয়েছেন সিবিআইয়ের আরও একাধিক উচ্চপদস্থ আধিকারিক। যিনি সম্প্রতি শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিলেন, তিনিও আছেন এই অভিযানে।

 শুধু তাই নয়,আরজি কর কাণ্ডের প্রতিবাদের সময়ও একবার খবরের শিরোনামে এসেছিলেন অতীন ঘোষ। ১৪ অগস্টের রাতদখল কর্মসূচির সময়ে হাসপাতালে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা হাসপাতালের ভেতরে চলে ভাঙচুর। তখনও বিরোধীরা সরাসরি আঙুল তুলেছিল ডেপুটি মেয়রের দিকে। যদিও সেই ভাঙচুর মামলার তদন্ত করছে কলকাতা পুলিশ।

নির্যাতন, খুন মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছে। কিন্তু আর্থিক দুর্নীতির মামলা এখনও চলছে। পাশাপাশি চলছে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তও।

সব মিলিয়ে আজকের এই সিবিআই হানা রাজনৈতিক মহলেও তৈরি করেছে তীব্র চাঞ্চল্য। প্রশ্ন একটাই,আরজি কর হাসপাতালের দুর্নীতির আসল রহস্য কত তাড়াতাড়ি সামনে আসবে?

                                                                                                                                                                                                                                                                             -জ্যোতি সরকার

পরবর্তী খবর