সর্বশেষ সংবাদ
ফের পাহাড়ি দুর্যোগ: উত্তরাখণ্ডে প্রকৃতির ভয়ংকর থাবা

ফের পাহাড়ি দুর্যোগ: উত্তরাখণ্ডে প্রকৃতির ভয়ংকর থাবা

আকাশ ভেঙে পড়ছে। পাহাড় ভেঙে যাচ্ছে। আর নদী ফুঁসে উঠছে ভয়ংকর রূপে। হঠাৎ ভোরে ঘুম ভেঙে আতঙ্কে ছুটছে মানুষ। কোথাও ধ্বংসস্তূপ, কোথাও নদীর জল ঢুকে যাচ্ছে ঘরে ঘরে। ঠিক যেন এক অজানা দুঃস্বপ্ন নেমে এসেছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ আর চামোলি জেলায়।

আজ শুক্রবার সকালে পরপর একাধিক মেঘভাঙা বৃষ্টি নামল উত্তরাখণ্ডে। অল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টি হওয়ায় ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন অনেক মানুষ। রাস্তায় ধস নামায় আটকে পড়েছেন বহু পরিবার। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

রুদ্রপ্রয়াগ জেলায় অলকানন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে জলস্তর ক্রমশ বাড়ছে। কেদারনাথ উপত্যকায় নদীর তীব্র স্রোতে ভেসে গেছে একটি সেতু। ক্রমশ নদী আর ছোট ছোট নালার জল ঢুকে যাচ্ছে লোকালয়ে। বাসুকেদার আর দেবল এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দেবল এলাকায় এক দম্পতি জলের তোড়ে ভেসে গেছেন, এখনও তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং জেলা আধিকারিকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে জল ঢুকে যাওয়ায় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি রুদ্রপ্রয়াগের হনুমান মন্দিরও ডুবে গেছে নদীর জলে।

X হ্যান্ডলে মুখ্যমন্ত্রী ধামি লিখেছেন, প্রতিনিয়ত জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। উদ্ধারকাজ চলছে পূর্ণ শক্তি দিয়ে। মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

কেবল উত্তরাখণ্ড নয় , চলতি বর্ষায় হিমাচল, জম্মু-কাশ্মীর সহ দেশের একাধিক জায়গায় একইভাবে প্রকৃতির এই ভয়ংকর রূপ দেখা যাচ্ছে। পাহাড়ের কোলে দাঁড়িয়ে মানুষ আজ অসহায় প্রকৃতির সামনে সব পরিকল্পনা ম্লান হয়ে যাচ্ছে। উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টির এই তাণ্ডব আবারও মনে করিয়ে দিল মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রকৃতির রোষের কাছে সে চিরকালই দুর্বল।

                                                                                                                                                                                                                       -জ্যোতি সরকার

পরবর্তী খবর