সর্বশেষ সংবাদ
অপ্রতিরোধ্য পিভি সিন্ধু! বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

অপ্রতিরোধ্য পিভি সিন্ধু! বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় তারকা পিভি সিন্ধু তাঁর অসাধারণ ফর্ম অব্যাহত রেখেছেন। শেষ ষোলোর ম্যাচে চীনা প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে স্ট্রেট গেমে (২১-১৯, ২১-১৫) হারিয়ে তিনি জায়গা করে নিলেন কোয়ার্টার ফাইনালে। এই টুর্নামেন্টে প্রথম থেকেই সিন্ধুর ছন্দ ছিল চোখে পড়ার মতো, এবং এই জয় সেই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।

 

আরও পড়ুন তিন মাসের নীরবতা ভাঙল আরসিবি, সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা

 

ম্যাচ শুরুর আগে পরিসংখ্যান ভারতীয় সমর্থকদের আশাবাদী করে তুলেছিল। কারণ বিশ্ব চ্যাম্পিয়নশিপে এর আগে কোনো চীনা প্রতিপক্ষের কাছে হারেননি সিন্ধু। প্রথম গেমের শুরু থেকেই সিন্ধু তাঁর প্রতিপক্ষকে কোর্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াতে বাধ্য করেন। লম্বা শট ও বুদ্ধিদীপ্ত প্লেসিং দিয়ে এক সময় ১১-৬ পয়েন্টে এগিয়েও যান তিনি। যদিও ওয়াং দারুণভাবে ম্যাচে ফিরে এসে পর পর ছয়টি পয়েন্ট তুলে নেন এবং সিন্ধুকে ১১-১২ তে পেছনে ফেলে দেন। তবে শেষ মুহূর্তে সিন্ধু নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১৯-১৯ এর কঠিন পরিস্থিতিতে পরপর দুটি পয়েন্ট তুলে প্রথম গেমটি জিতে নেন।

প্রথম গেমের এই জয় সিন্ধুর আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়, যার প্রতিফলন দেখা যায় দ্বিতীয় গেমে। শুরুটা হাড্ডাহাড্ডি হলেও সিন্ধু দ্রুত তাঁর দাপট বাড়ান। ওয়াং বেশ কিছু সহজ ভুল করেন, যা থেকে সিন্ধু অনায়াসে পয়েন্ট তুলে নেন।

একপর্যায়ে ওয়াং আর খেলায় ফিরতে পারেননি এবং সিন্ধু ২১-১৫ পয়েন্টে গেম এবং ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেন। তাঁর এই পারফরম্যান্স ভারতীয় ব্যাডমিন্টন সমর্থকদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে।সর্বোপরি, কোয়ার্টার ফাইনাল এবং তার পরের ধাপগুলোতে তিনি কেমন পারফর্ম করেন সেদিকেই তাকিয়ে ভারতবাসী।

                                                                                                                                                                               -অঙ্কিতা পাল

পরবর্তী খবর