৩ জুন আইপিএল জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ইতিহাস গড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে বিজয়-উৎসবের আনন্দ মুহূর্তেই বদলে যায় শোকে। শহরে ট্রফি উদ্যাপনের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন সমর্থকের, আহত হন প্রায় ৪০ জন। সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই নীরব হয়ে যায় বিরাট কোহলির দল। অবশেষে প্রায় তিন মাস পর বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রথমবারের মতো পোস্ট করল তারা।
আরসিবি তাদের পোস্টে লিখেছে, “এই নীরবতা অনুপস্থিতি নয়, এটি ছিল শোকের সময়। আমাদের এই অ্যাকাউন্ট একসময় ভরে থাকত আনন্দ, স্মৃতি আর মুহূর্তে। কিন্তু ৪ জুন সবকিছু পাল্টে দিয়েছে। সেই দিন আমাদের হৃদয় ভেঙে দিয়েছিল। তাই এই নীরবতা ছিল নিজেদের সামলে নেওয়ার জন্য।”
আরও পড়ুন পাপুয়া নিউগিনির ইতিহাসে প্রথম, অস্কারের দৌড়ে বাঙালি অভিনেত্রী ঋতাভরীর 'পাপা বুকা'
তাদের আরও বার্তা, “এই সময়ে আমরা শোকপালন করেছি, শুনেছি ও বুঝেছি। ধীরে ধীরে আমরা এমন এক উদ্যোগ গড়ে তুলেছি যা কেবল প্রতিক্রিয়া নয়, বরং আমাদের বিশ্বাসের প্রতিফলন। এভাবেই জন্ম নিয়েছে ‘RCB Cares’—একটি প্ল্যাটফর্ম, যা আমাদের সমর্থকদের জন্য উৎসর্গীকৃত। আজ আমরা ফিরছি, উচ্ছ্বাস নিয়ে নয়, যত্ন ও পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে।”
প্রসঙ্গত, ওই দুর্ঘটনার দিন সমবেদনা জানানোর পর থেকেই সম্পূর্ণ নীরব হয়ে যায় আরসিবির সব অফিসিয়াল অ্যাকাউন্ট। অন্য ফ্র্যাঞ্চাইজি যেখানে নিয়মিত ক্রিকেট সংক্রান্ত আপডেট শেয়ার করছিল, সেখানে আরসিবির পাতায় কোনও নড়াচড়া দেখা যায়নি। এতে সমর্থকদের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়েছিল।
এদিকে পদপিষ্ট ঘটনার জেরে বেঙ্গালুরুতে ম্যাচ আয়োজনের নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা হয়। সম্প্রতি মহিলা বিশ্বকাপের ম্যাচ শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্নাটক ক্রিকেট সংস্থার একাধিক শীর্ষকর্তা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। দায়িত্ব থেকে সরানো হয়েছে বেশ কিছু পুলিশ আধিকারিককেও।
-রিয়া হালদার