সর্বশেষ সংবাদ
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, চির বিদায় নিলেন জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, চির বিদায় নিলেন জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

প্রয়াত বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা এবং প্রাক্তন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় । আজ, সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬২ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD) বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ই আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে জয় বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ কলকাতার মেডিকা হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও পরের দিনই তা আবার খারাপ হতে শুরু করে। এর ফলে তাকে ভেন্টিলেশনে রাখতে হয়। আজ সকাল ১১টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অভিনেতার সহযোগী সন্দীপ বেহরা এই খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন SSC মামলায় ফের চমক, ইডির জালে বড়ঞার বিধায়ক

অঞ্জন চৌধুরী এবং সুখেন দাসের মতো বিখ্যাত পরিচালকদের সিনেমায় জয় বন্দ্যোপাধ্যায় প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। 'হীরক জয়ন্তী', 'মিলন তিথি', 'জীবন মরণ', 'ছোট সাহেব', এবং 'অভাগিনী'-র মতো বহু সফল ছবিতে তার অভিনয় দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। নব্বইয়ের দশকে অভিনেত্রী চুমকি চৌধুরীর সঙ্গে তার জুটি বেশ জনপ্রিয় ছিল। বাণিজ্যিক সিনেমার ম্যাটিনি হিরো না হলেও, তার সহজ ও সাবলীল অভিনয় দর্শকদের মনে 'পাশের বাড়ির ছেলে'র মতো একটি পরিচিতি এনে দিয়েছিল।

অভিনয় থেকে কিছুটা দূরে যাওয়ার পর তিনি রাজনীতিতে যোগ দেন এবং বিজেপির একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে বছর চারেক আগে তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন।

জয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগৎ ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি শোকবার্তা পোস্ট করেছেন এবং তার পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।জানা গেছে, আজ বিকেল ৩টা নাগাদ তার মরদেহ তারাতলার বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

                                                                                                                                    -অঙ্কিতা পাল

পরবর্তী খবর