গত ১ অগস্ট নির্বাচন কমিশন প্রকাশ করেছে বিহারের খসড়া ভোটার তালিকা। কিন্তু এই তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।
এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ বা ADR। সংগঠনের পক্ষ থেকে আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তিনি বিচারপতি সূর্য কান্ত, উজ্জ্বল ভূঁইয়া এবং এনকে সিং-এর ডিভিশন বেঞ্চের সামনে বিষয়টি তুলে ধরেন।
প্রশান্ত ভূষণ বলেন,"কমিশন শুধু বলেছে ৬৫ লক্ষ নাম বাদ গেছে।কিন্তু তালিকা দেয়নি।বলা হয়েছে ৩২ লক্ষ মানুষ নাকি অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। কিন্তু তাও প্রমাণ নেই।কে কে বাদ পড়েছেন, কারা মৃত, আর কারা স্থানান্তরিত, তা জানানো উচিত।"
আরও পড়ুন 'ম্যান মেড বন্যা!' ডিভিসি ও বিজেপিকে তোপ তৃণমূলের
শীর্ষ আদালত নির্বাচন কমিশনের কাছ থেকে এর ব্যাখ্যা চেয়েছে।কমিশনের আইনজীবী জানিয়েছেন, কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই তথ্য দেওয়া হয়েছে। জবাবে বিচারপতি সূর্য কান্ত বলেন, "কোন কোন দলকে তথ্য দেওয়া হয়েছে, তার নাম লিখে জানান।
জানা যাচ্ছে, ১২ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে কমিশনকে জবাব দিতে হবে।" বিচারপতি আরও বলেন, "যাদের নাম বাদ পড়েছে, তারা যেন তাদের তথ্য জানতে পারে তা নিশ্চিত করতে হবে আদালতকেই।"
ADR-এর দাবি,কমিশন জানিয়েছে,২২ লক্ষ ভোটার মারা গিয়েছেন,৭ লক্ষের নাম একাধিক জায়গায় ছিল,আর ৩৫ লক্ষ হয়তো অন্যত্র চলে গেছেন বা খোঁজ মেলেনি।এই ৬৫ লক্ষ বাদ পড়া ভোটারের তালিকা কিছু রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের কাছে পাঠানো হয়েছে। কিন্তু সেই তালিকাতেও ‘কেন নাম কাটা হয়েছে’ তার কোনও ব্যাখ্যা নেই।
ADR-এর যুক্তি,এই তথ্য ছাড়া বোঝা যাবে না নির্বাচন কমিশনের দাবিগুলি ঠিক কি না। আর শুধু কিছু দলের কাছে পাঠালেই হবে না, এই ভাবে সাধারণ মানুষ কিছু জানতেই পারবে না। সবচেয়ে বড় কথা,কমিশন যাদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে,তারা আইনি প্রতিকার পাওয়ার সুযোগ হারিয়ে ফেলছেন।এই বিষয়টির পরবর্তী শুনানি হবে আগামী ১২ অগস্ট। দেখা যাক সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়।
-জ্যোতি সরকার