সর্বশেষ সংবাদ
আজ কোথায় কত বৃষ্টি হবে? দেখে নিন এক ঝলকে

আজ কোথায় কত বৃষ্টি হবে? দেখে নিন এক ঝলকে

ফের কি আসছে প্রাকৃতিক বিপর্যয়? ফের কি পাহাড়ে ধস, প্লাবিত হবে নদীর দুই পার? বাংলার আকাশে আবার জমছে দুর্যোগের ঘনঘটা। এবার আকাশের খামখেয়ালিপনার শিকার হতে চলেছে গোটা উত্তর এবং দক্ষিণবঙ্গ সঙ্গে দেশের অন্যান্য প্রান্তও।

আবহাওয়া দফতরের  সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের উপরে তৈরি হয়েছে মৌসুমি অক্ষরেখা আর সেই সঙ্গে রয়েছে দুটি সক্রিয় ঘূর্ণাবর্ত একটি উত্তর-পূর্ব অসমে, আরেকটি উত্তর বাংলাদেশের উপর। এই দুইয়ের মিলিত প্রভাবে উত্তরবঙ্গে আগামী ক’দিন ধরে চলবে টানা বৃষ্টিপাত, এবং কিছু কিছু এলাকায় দেখা দিতে পারে ধস নামার সম্ভাবনাও।

 

আরও পড়ুন ইউনূসের নীরব প্রশ্রয়ে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি, জুলাই অভ্যুত্থান কি প্রতিশোধের নতুন মঞ্চ?

 

কলকাতার আবহাওয়ার কথা বললে, আজ সকাল থেকেই আকাশ মেঘলা। তবে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি না থাকলেও, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরের কিছু কিছু এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হতে পারে এই বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে অস্বস্তি, ঘাম ও গরমের কষ্টও কমবে না।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং গত মঙ্গলবারে তাপমাত্রা সর্বোচ্চ ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে দমকা হাওয়া। এই বৃষ্টি চলতে পারে আগামী সোমবার পর্যন্ত। তবে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা হালকা বাড়বে, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে প্রবল।

উত্তরবঙ্গে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার এবং সোমবার পর্যন্ত ওইসব অঞ্চলে ভারী বৃষ্টি চলবে। যার ফলে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ি জেলাগুলিতে ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুধু পশ্চিমবঙ্গেই নয়, পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যেও আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিহার, সিকিম, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অরুণাচল, অসম, এবং মেঘালয়ে সোমবার পর্যন্ত চলবে এই মেঘবৃষ্টির খেলা।

সব মিলিয়ে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যে ফের সক্রিয় হয়েছে বর্ষার দুর্যোগ। মানুষকে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।আপাতত বাংলার আকাশের চেহারা বলছে বর্ষা থামবে না, আর এর প্রভাবে শহর হোক বা পাহাড়, বিপর্যয় যেন কড়া নাড়ছে দরজায়!

                                                                                                             -জ্যোতি সরকার

পরবর্তী খবর