সর্বশেষ সংবাদ
সংসদে প্রশ্ন, সংগঠনে প্রস্তুতি -প্রাপ্য আবাস না মেলার প্রতিবাদে অভিষেকের সক্রিয়তা দুই মঞ্চে

সংসদে প্রশ্ন, সংগঠনে প্রস্তুতি -প্রাপ্য আবাস না মেলার প্রতিবাদে অভিষেকের সক্রিয়তা দুই মঞ্চে

গতকাল পর্যন্ত জানানো হয়েছিল, ৮ অগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের চার হাজারেরও বেশি নেতার সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন। কিন্তু আচমকাই ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল। এখন ঠিক হয়েছে, বৈঠক হবে ৫ অগস্ট, তিন দিন আগেই। এই সিদ্ধান্ত বদলের পিছনে তৃণমূলের তরফে কোনও নির্দিষ্ট কারণ বলা হয়নি।

তবে দলের অন্দরের সূত্রে জানা যাচ্ছে, কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে ৮ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে থাকবেন। সেই কারণে জেলার অনেক নেতা সেখানে ব্যস্ত থাকবেন। তাই দলের বিভ্রান্তি এড়াতেই বৈঠকের দিন এগিয়ে আনা হয়েছে। অন্যদিকে, ভোটার তালিকা নিয়ে বিশেষ সমীক্ষা, অর্থাৎ Special Intensive Revision বা SIR-এর উপর গুরুত্ব দিতে চাইছে দল। কমিশন যে কোনও সময় এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে। তাই পরিস্থিতি বুঝে আগে বৈঠক করা হচ্ছে।

সেই সঙ্গে, ৯ অগস্ট রাখিপূর্ণিমা এবং ভারত ছাড়ো দিবস এই দিনগুলিতে তৃণমূলের জেলা স্তরে কর্মসূচি রয়েছে। এছাড়া ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিও ২ অগস্ট থেকে শুরু হচ্ছে। এই কারণেও সংগঠনের বার্তা আগে থেকেই দিতে চাইছে নেতৃত্ব। এই বৈঠকে ডাক পেয়েছেন জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরসভার মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর এবং দলের সমস্ত শাখা সংগঠনের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন উপরাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচী এলো প্রকাশ্যে! নতুন উপরাষ্ট্রপতির জন্য ভোট ৯ ই সেপ্টেম্বর

অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন সংসদে প্রধানমন্ত্রী আবাস যোজনা- আর্বান (PMAY-U) নিয়ে।তিনি জানতে চেয়েছেন—

১. এই প্রকল্পে কত বাড়ি তৈরি হয়েছে?
২. তৈরি বাড়ির মধ্যে কতটিতে এখনও কেউ থাকেন না?
৩. বাড়ি তৈরি হলেও বসবাস শুরু হয়নি কেন?
৪. এই বিষয়ে কোনও সমীক্ষা বা অডিট হয়েছে কি না?

প্রতিমন্ত্রী তোখন সাহুর জবাব অনুযায়ী—
 সারা দেশে এখন পর্যন্ত অনুমোদিত বাড়ি: ১১৯.২৬ লক্ষ কাজ শুরু হয়েছে: ১১২.৮১ লক্ষ
তৈরি হয়েছে বা হস্তান্তর হয়েছে: ৯৩.৬১ লক্ষ
পশ্চিমবঙ্গের তথ্য—
*অনুমোদন: ৬,১৫,১০৫টি
*কাজ শুরু: ৬,০৫,৯৭১টি
*সম্পূর্ণ: ৪,৬৫,৫৬১টি
*বসবাস শুরু: ৪,৬৪,৮৮১টি

এত কাজ সত্ত্বেও, কেন কেন্দ্র রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে এই নিয়েই এখন প্রশ্ন তুলছে তৃণমূল। পশ্চিমবঙ্গে যদি প্রকল্পের কাজ এতটাই এগিয়ে থাকে,তাহলে কেন রাজ্যকে তার প্রাপ্য দেওয়া হচ্ছে না? এই প্রশ্নের উত্তর এখন চাইছে তৃণমূল।

                                                                                                                                         -জ্যোতি সরকার

পরবর্তী খবর