১ আগস্ট থেকে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা কমে গেল। দেশের বড় বড় মেট্রো শহরগুলিতে কমানো হয়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম।
নতুন নিয়ম অনুযায়ী, এই সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা থেকে ৩৪.৫০ টাকা পর্যন্ত কমেছে। এই দামের পরিবর্তন সবচেয়ে বেশি হয়েছে কলকাতা ও চেন্নাইতে। কলকাতায় এখন কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার মিলছে ১,৭৩৪ টাকায়। আগে যা ছিল ১,৭৬৯ টাকা। অর্থাৎ দাম কমেছে ৩৫ টাকা। চেন্নাইয়ে এখন এক সিলিন্ডারের দাম ১,৮০০ টাকার নিচে। দিল্লিতে দাম নেমেছে ১,৬৫০ টাকার নিচে। আর মুম্বইতে এই সিলিন্ডারের দাম হয়েছে ১,৬০০ টাকারও কম।
আরও পড়ুন জাল পরিচয়ে কলকাতায় থাকছিলেন বাংলাদেশি মডেল! আধার-ভোটার কার্ডেও চলছিল ফাঁকি
তবে গার্হস্থ্য ব্যবহারের ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় এখনো এই সিলিন্ডার পাওয়া যাচ্ছে ৮৭৯ টাকায়। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত টানা চার মাস বাণিজ্যিক গ্যাসের দাম ধাপে ধাপে কমেছে।
এই চার মাসে দিল্লিতে দাম কমেছে মোট ১৩৮ টাকা।কলকাতায় কমেছে ১৪৪ টাকা। মুম্বইতে কমেছে ১৩৯ টাকা আর চেন্নাইতে ১৪১.৫০ টাকা। এই দাম কমার ফলে হোটেল, রেস্তোরাঁ ও ধাবার মালিকেরা কিছুটা স্বস্তি পাবেন।
খাবারের দামেও কিছুটা প্রভাব পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, গ্যাসের দাম নির্ধারণে অনেক কিছু কাজ করে। যেমন – আন্তর্জাতিক বাজারে এলপিজি ও অপরিশোধিত তেলের দাম,টাকার দাম ও ডলারের বিনিময় হার,শুল্ক, প্যাকেজিং খরচ, ডিলার কমিশন ও পোর্ট চার্জ ইত্যাদি।
এই দাম কমার খবর বাণিজ্যিক ক্ষেত্রে স্বস্তি দিলেও, গার্হস্থ্য ব্যবহারকারীদের জন্য এখনো তেমন কোনও বদল আসেনি। তবে ভবিষ্যতে কোনো সুখবর আসে কিনা, সেদিকে নজর থাকবে সবার। গ্যাসের বাজারে আরও আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন...
-জ্যোতি সরকার