সর্বশেষ সংবাদ
রাজভবনের কাছে রাষ্ট্রপতির চিঠি! অপরাজিতা বিল নিয়ে ফের শুরু বিতর্ক

রাজভবনের কাছে রাষ্ট্রপতির চিঠি! অপরাজিতা বিল নিয়ে ফের শুরু বিতর্ক

একটি গুরুত্বপূর্ণ বিল ফিরিয়ে দিল রাষ্ট্রপতি ভবন! প্রশ্ন উঠছে – কেন চাওয়া হল ব্যাখ্যা? কী আছে সেই বিলে, যা নিয়ে এত বিতর্ক?

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হওয়া ‘অপরাজিতা (নারী অধিকার সুরক্ষা) বিল ২০২৫’ নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা। গত সপ্তাহেই এই বিলটি রাষ্ট্রপতি ভবন থেকে ফেরত পাঠানো হয়েছে রাজভবনে, সঙ্গে বেশ কিছু প্রশ্ন আর ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই বিল পাঠিয়ে দেন আবার বিধানসভায়। এখন সেটি গেছে নবান্নে, রাজ্য সরকারের সদর দফতরে।প্রশ্ন উঠছে, কেন এই বিলকে অনুমোদন না দিয়ে রাষ্ট্রপতি ব্যাখ্যা চাইলেন? সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবন জানতে চেয়েছে –দেশে মহিলাদের ওপর অত্যাচার ও নির্যাতন সংক্রান্ত আইনের (যেমন নির্ভয়া আইন) পরে কেন আবার নতুন আইন তৈরি করতে হল পশ্চিমবঙ্গ সরকারকে?

এই প্রশ্নের প্রেক্ষিতে অনেকেই স্মরণ করছেন ২০১২ সালের দিল্লির নির্ভয়া কাণ্ড। সেই ঘটনার পর তৈরি হয়েছিল নির্ভয়া আইন।তাহলে এখন আরও একটি আইন কেন? গত বছর ৮ আগস্ট, কলকাতার আর.জি. কর হাসপাতালে এক চিকিৎসককে নির্যাতন করে প্রাণে মেরে ফেলার ঘটনায় উত্তাল হয় রাজ্য। প্রতিবাদে পথে নামে চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন  রাজ্য আনবে নতুন আইন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে।

 গত সেপ্টেম্বরে বিশেষ অধিবেশনে ‘অপরাজিতা বিল’ পাস হয় বিধানসভায়। এই বিলকে সমর্থন করেছিল বিরোধী বিজেপিও। এরপর রাজ্যপালের মাধ্যমে তা পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য। কিন্তু রাষ্ট্রপতির দফতর তা ফিরিয়ে দেন ব্যাখ্যা চেয়ে।

আরও পড়ুন ভোট আসছে! মাঠে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের দাবি,কেন্দ্র নারীদের প্রতি অপরাধ রুখতে সদিচ্ছা দেখাচ্ছে না,আর তাই রাজ্যের উদ্যোগকে থামাতে চাইছে। অন্যদিকে, বিজেপির পাল্টা প্রশ্ন, “আর.জি. কর কিংবা কসবা ল’ কলেজ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে?”

এই বিতর্কের মাঝেই প্রশ্ন রয়ে যাচ্ছে  এই ব্যাখ্যা কি বিলের ভবিষ্যৎ বদলে দেবে? না কি ‘অপরাজিতা বিল’ নতুনভাবে আবার ফিরবে রাজ্যবাসীর স্বার্থে? সেই উত্তর এখনও অস্পষ্ট...

                                                                                                                                                     -জ্যোতি সরকার

পরবর্তী খবর