সর্বশেষ সংবাদ
উত্তর থেকে দক্ষিণ— একযোগে বৃষ্টির হানায় রাজ্যজুড়ে সতর্কতা

উত্তর থেকে দক্ষিণ— একযোগে বৃষ্টির হানায় রাজ্যজুড়ে সতর্কতা

সারারাত ধরে কলকাতা সহ আশপাশের জেলাগুলোয় টিপটিপ বৃষ্টি চলেছে,আর বৃহস্পতিবার সকালেও আকাশ ছিল পুরোপুরি মেঘলা,মাঝেমধ্যে দু’এক পশলা বৃষ্টিতে শহর যেন পুরো ভিজে গেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন অঞ্চলের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল,তা এখন অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর,ওড়িশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাঝামাঝি অঞ্চলে,
আর এর প্রভাবে আগামী কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এই ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমি অক্ষরেখা,যা বর্তমানে বিকানের, রাঁচী, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত,ফলে রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃহস্পতিবার থেকে আগামী দু’দিন পর্যন্তচলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি,আর কিছু জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও।

বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে,বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে,আর ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। শুক্রবারও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে,আর শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

অন্যদিকে উত্তরবঙ্গে এখন ভরা বর্ষার ছবি,আর তাই সেখানকার পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলে আশঙ্কা,বিশেষ করে বৃহস্পতিবার দার্জিলিং, মালদহ এবং উত্তর দিনাজপুরেভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে,শুক্রবার থেকে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস,দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে,যার পরিমাণ হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত,এবং এই পরিস্থিতি সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন প্রযুক্তির নতুন বিপদ, AI 'ভয়েস ক্লোনিং' : সতর্ক না থাকলে হতে পারেন সর্বশান্ত!

এদিকে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম,আর বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি কম।

সামনে আরও কয়েক দিন রাজ্যে চলবে এই দুর্যোগপূর্ণ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া,তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।  ঘর থেকে বেরোবার আগে অবশ্যই দেখে নিন আবহাওয়ার আপডেট।
নিজে সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক রাখুন।

                                                                                                                                           -জ্যোতি সরকার

পরবর্তী খবর