সর্বশেষ সংবাদ
EM বাইপাসের পাশে প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড! মুহূর্তে ছাই একাধিক ঝুপড়ি

EM বাইপাসের পাশে প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড! মুহূর্তে ছাই একাধিক ঝুপড়ি

 শহরের অন্যতম ব্যস্ত এলাকা EM বাইপাসের ধারে, জে ডব্লু ম্যারিয়টের পিছনে একটি প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুনে মুহূর্তে ছাই হয়ে গেল একাধিক ঝুপড়ি। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় গোটা অঞ্চল।

ঘিঞ্জি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রচুর দাহ্য প্লাস্টিক মজুত থাকায় পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার অনেক পরেও ঘটনাস্থলে পৌঁছয়নি দমকলবাহিনী ও পুলিশ। আগুনের সূত্রপাত সম্ভবত একটি মিটার বক্সে শর্ট সার্কিট থেকেই,এমনটাই প্রাথমিক অনুমান।

প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভাতে মাঠে নামেন স্থানীয় বাসিন্দারা। বালতি করে জল ফেলে, স্তূপ করে রাখা পুরনো প্লাস্টিক সরিয়ে প্রাণপণে আগুন থামানোর চেষ্টা করেন তারা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়ি এলাকাতেও।

 

আরও পড়ুন  মানুষের পাশে দেব, জলবন্দি ঘাটালে আশ্বাস-সাহায্যের বার্তা

 

প্রায় ২ হাজার স্কোয়ার ফিট এলাকা আগুনে গ্রাস করে নেয়। কয়েকশ পরিবার ঘরছাড়া। আগুন নিয়ন্ত্রণে আনতে পরে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, শুরু হয় পাইপ দিয়ে জল ছিটানো। দাহ্য পদার্থের আধিক্য, রাস্তার অপ্রশস্ততা এবং দেরিতে উদ্ধারকাজ শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

যদিও এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে খবর, তবুও ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল বলেই আশঙ্কা। স্থানীয় বাসিন্দারা এখনও স্তব্ধ, আতঙ্কিত আর প্রশ্ন উঠছে দমকল ও প্রশাসনের প্রাথমিক তৎপরতা নিয়ে।

                                                                                                                                                                              -রিয়া হালদার

পরবর্তী খবর