সর্বশেষ সংবাদ
মানুষের পাশে দেব, জলবন্দি ঘাটালে আশ্বাস-সাহায্যের বার্তা

মানুষের পাশে দেব, জলবন্দি ঘাটালে আশ্বাস-সাহায্যের বার্তা

ঘাটালসহ পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় এলাকায় প্রশাসনিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। বৈঠকের পরে দেব জানান,এই বছরের বৃষ্টি গত বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি হয়েছে। আর ডিভিসি থেকেও ছাড়া হয়েছে অনেক জল। এই দুই কারণেই তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।তিনি বলেন, অনেক রাস্তায় জল জমেছে বা ভেঙে গিয়েছে। তাই দ্রুত রাস্তাগুলোর মেরামতির কাজ শুরু হবে। প্রশাসনের কুইক রেসপন্স টিম ভালো কাজ করছে বলে জানান সাংসদ।

দেব বলেন, গত কয়েক দিনে ১২১ জন সাপে কাটা রোগী এসেছেন হাসপাতালে,কিন্তু একটি মৃত্যুও হয়নি।অনেক গর্ভবতী মাকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। গবাদি পশুর জন্য নিরাপদ জায়গারও ব্যবস্থা হয়েছে। চালু হয়েছে কমিউনিটি কিচেন।

তবে তিনি স্পষ্ট বলেন,“এই বৃষ্টির সঙ্গে লড়াই করা কারও পক্ষেই সম্ভব নয়। তবে আমরা মানুষের পাশে আছি।”প্রতি বছরই উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ। এবারও বিরোধীরা প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন ধসের কবলে ১০ নম্বর জাতীয় সড়ক! বিচ্ছিন্ন কালিম্পং-সিকিম যোগাযোগ মাধ্যম

জবাবে দেব বলেন,২০২৪ সালে এই প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ৫০০ কোটি টাকার অনুমোদন ইতিমধ্যেই মিলেছে।স্লুইস গেট সারানোর কাজ চলছে,অনেকগুলো কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এই মাসেই বাকিগুলোর কাজ শেষ হবে বলে আশ্বাস দেন তিনি।দেব আরও জানান, নতুন নকশায় ৪০ শতাংশ কম জমি লাগবে।কম সংখ্যক বাড়ি-দোকান ভাঙতে হবে।মানুষের কষ্ট কম হবে।তিনি বলেন,
“এই মাস্টার প্ল্যান কোনও রাজনৈতিক দলের জন্য নয়,ঘাটালের মানুষের জন্য। আমরা কারও জমি জোর করে নিতে চাই না।”

বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে দেবের বিরুদ্ধে এলাকায় পোস্টার পড়েছে এই নিয়ে দেব বলেন,“সবাই দেব হয় না। যারা মানুষের পাশে দাঁড়ান,তাদের আক্রমণের দরকার পড়ে না। আর পোস্টার তো আমার জীবনে নতুন কিছু নয়।”

সব শেষে সাংসদের আশঙ্কা “এখন জুলাই মাস। কিন্তু বন্যা সাধারণত হয় সেপ্টেম্বরের দিকে।  তাই এখনও সবচেয়ে খারাপ সময়টা আসেনি। আমরা প্রস্তুত আছি।” মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কাজ এই বার্তা রেখেই দেব ফিরলেন ঘাটাল থেকে।

                                                                                                                                        -জ্যোতি সরকার

পরবর্তী খবর