সর্বশেষ সংবাদ
'মহাদেব'-এর পর এবার 'শিবশক্তি': সীমান্তে ফের জখম ২ জঙ্গী

'মহাদেব'-এর পর এবার 'শিবশক্তি': সীমান্তে ফের জখম ২ জঙ্গী

অপারেশন মহাদেব’-এর রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গি দমনে সাফল্য ভারতীয় সেনার। এবারের অভিযান ‘অপারেশন শিবশক্তি’। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার দেঘওয়ার সেক্টরের মালদিওয়ালান এলাকায় সেনা -সিআরপিএফের যৌথ অভিযানে নিহত ২ অনুপ্রবেশকারী জঙ্গি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৩টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। কিন্তু সেনা ও গোয়েন্দা বিভাগের প্রযুক্তিগত নজরদারিতে ধরা পড়ে তাদের গতিবিধি। একটি স্যাটেলাইট ফোন ইন্টারসেপ্ট করার পরই শুরু হয় এই অভিযান। মনে করা হচ্ছে, এই স্যাটেলাইট ফোন ডিভাইসটি পহেলগাঁও হামলায় সন্ত্রাসবাদীরা ব্যবহার করেছিল। এরপরেই অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় সেনা। রাতেই সংঘর্ষ শুরু হয়, যা বেশ কিছুক্ষণ ধরে চলে।

সেনা সূত্রের দাবি, হোয়াইট নাইট কর্পস ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে এই অপারেশন চালানো হয়। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, “সঠিক সময় ভারতীয় সেনার তৎপরতায় ব্যর্থ হয়েছে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের চেষ্টা। গোয়েন্দা বিভাগ ও পুলিশের মধ্যে সঠিক তথ্য আদান-প্রদানের ফলেই এই অপারেশন সফল হয়েছে। অভিযান এখনও চলছে।”

এই ঘটনার পর, পুঞ্চ সেক্টরের সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। গোটা অঞ্চলকে সুরক্ষিত করে ‘স্যানিটাইজ’ করার কাজ চলছে।

আরও পড়ুন  পাকিস্তান কংগ্রেসের ভুলের ফসল"! সংসদে মোদি বনাম রাহুল

প্রসঙ্গত, এর আগে ২৮ জুলাই পহেলগাঁও হামলার মূল চক্রী মুসা ওরফে সুলেমানকে খতম করেছিল সেনার চিনার কর্পস, ‘অপারেশন মহাদেব’-এ। নিহত হয়েছিল আরও দুই সহযোগী। সাম্প্রতিক পর পর দুটি  অভিযানে সাফল্য ভারতীয় সেনা ও গোয়েন্দা বিভাগের জোরদার প্রস্তুতিরই প্রমাণ।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের পর থেকে জম্মু-কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে প্রায় ২৫%। এই বছর এখনও পর্যন্ত ১৪ টিরও বেশি বড়সড় অনুপ্রবেশ চেষ্টা রুখে দিয়েছে সেনা।

সম্প্রতি প্রযুক্তি নির্ভর নজরদারি যেমন ড্রোন, থার্মাল ইমেজার, স্যাটেলাইট ফোন ট্র্যাকিং-এর জোরালো প্রয়োগেই এই সাফল্য সম্ভব হয়েছে।

                                                                                                                                                               -রিয়া হালদার

পরবর্তী খবর