সর্বশেষ সংবাদ
ভূমিকম্পের পর সুনামি: রাশিয়া, জাপান ও আমেরিকায় সতর্কতা

ভূমিকম্পের পর সুনামি: রাশিয়া, জাপান ও আমেরিকায় সতর্কতা

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বুধবার সকালেই ভূমিকম্প হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮, যা ১৯৫২ সালের পর রাশিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূকম্পন বলে জানিয়েছে মার্কিন ভূ-গবেষণা সংস্থা (USGS)।

কেন্দ্রস্থল ছিল পেত্রোপাভলভস্ক-কামচাৎস্কি শহর থেকে ১২৫ কিমি দূরে, মাত্র ১৯.৩ কিমি গভীরে। ফলে এর প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের উপকূলে।

কম্পনের পরপরই ভয়াবহ সুনামি আছড়ে পড়ে রাশিয়া, জাপান ও প্রশান্ত মহাসাগরের একাধিক এলাকায়। কামচাটকা, সেরগেই লেবেডেব ও আভাচা বে অঞ্চলে প্রায় ১৩ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ে উপকূলে। আতঙ্কে উপকূলবর্তী মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন। অনেক জায়গায় ঘর-বাড়ির দেওয়াল কাঁপতে থাকে, আসবাবপত্র ভেঙে পড়ে।

জাপানের হোক্কাইডো ও ওয়াকাইয়ামা উপকূলে প্রথম দফায় এক ফুট, পরে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা যায়। জাপানের আবহাওয়া দফতর আগেভাগেই সুনামি সতর্কতা জারি করেছিল। সুনামি ছড়িয়ে পড়ে দক্ষিণ জাপানের দিকেও।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের Pacific Tsunami Warning Center জানিয়েছে, এই ভূকম্পনের ফলে হাওয়াই, গুয়াম এবং মাইক্রোনেশিয়ার কিছু দ্বীপপুঞ্জে বিপজ্জনক সুনামির আশঙ্কা রয়েছে। কয়েকটি এলাকায় ইতিমধ্যেই তিন ঘণ্টার মধ্যে প্রবল ঢেউ পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।

আরও পড়ুন নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের যুগলবন্দি,আজও রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা!

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম TASS জানিয়েছে, পেত্রোপাভলভস্ক-কামচাৎস্কিতে বহু মানুষ ভূকম্পন টের পাওয়ার পরই রাস্তায় বেরিয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু ভিডিও।টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূকম্পবিদ শিনিচি সাকাই কিছুদিন আগেই মন্তব্য করেছিলেন, “যদি ভূকম্পন ভূপৃষ্ঠের কাছাকাছি হয়, তাহলে তা সুনামি তৈরি করতে পারে”,এদিনের ঘটনাই তার প্রমাণ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহযোগিতা শুরু হয়েছে। জাপান, রাশিয়া ও আমেরিকার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উপকূলবর্তী এলাকাগুলিতে টহল ও উদ্ধারকাজ চালাচ্ছেন।

বিশেষজ্ঞদের আশঙ্কা, মূল কম্পনের পর আরও আফটারশক বা পরাঘাত আসতে পারে, ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।

                                                                                                                                         -রিয়া হালদার

পরবর্তী খবর