সর্বশেষ সংবাদ
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের যুগলবন্দি,আজও রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা!

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের যুগলবন্দি,আজও রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা!

আজ সকাল থেকেই আকাশ মুখভার। শুধু কলকাতা নয়, গোটা বাংলার দিকেই যেন ধেয়ে আসছে এক অজানা আশঙ্কা। কালো মেঘে ঢাকা চারদিক। হঠাৎ ঝেঁপে নামছে বৃষ্টি।তা হলে কি আজও রাজ্যজুড়ে হবে টানা বৃষ্টি?

চলতি জুলাই মাসে একের পর এক দফায় ভিজেছে গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মাসে গত পাঁচ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়। আজ, বুধবারও সেই ধারাই বজায় থাকতে পারে।

আজ সারাদিন কলকাতায় চলতে পারে দফায় দফায় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৫ ডিগ্রি।

পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে বৃষ্টি কিছুটা কমবে। শুক্রবার থেকে বৃষ্টি কমলেও, আকাশে মেঘ থাকবে। তাপমাত্রা বাড়বে, আর বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়তে পারে। রবিবার পর্যন্ত থাকবে এই অস্বস্তিকর আবহাওয়া।

আরও পড়ুন ভোটার তালিকায় ঝড়! মমতা বনাম শুভেন্দু মুখোমুখি

 অন্যদিকে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে।

শুক্রবার সন্ধ্যার পর থেকে:উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। শনিবার থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জল স্তর বাড়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

আগামী কয়েক দিন ধরে বঙ্গের আকাশ থাকবে অস্থির। সাথে রাখুন ছাতা। নজর রাখুন আবহাওয়ার খবরের ওপর। প্রয়োজনে নিরাপদ জায়গায় থাকুন।

                                                                                                                                                      -জ্যোতি সরকার

পরবর্তী খবর