“নাম বাদ যাবেই!” কে বললেন এই কথা? আর কাদের নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে? শুরু হয়েছে নতুন বিতর্ক, উঠছে বড় প্রশ্ন।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ভোটকর্মীদের সতর্ক করে বলেছিলেন যেন কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ না পড়ে।
কিন্তু ঠিক তার পরেই বিজেপি-র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন আমি বলছি, নাম বাদ যাবেই।
শুভেন্দুর দাবি, ভোটার তালিকায় বহু ভুয়ো নাম আছে।এই তালিকায় রয়েছে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম,মৃত মানুষের নাম,এমনকি একাধিক জায়গায় একই ব্যক্তির নামও।তিনি বলেন, এই নামগুলো কোনোভাবেই তালিকায় রাখা যাবে না। এগুলো অবশ্যই বাদ পড়বে।
তবে তিনি স্পষ্ট করে বলেন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যাঁরা পালিয়ে এসেছেন, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ বা জৈন তাঁরা অনুপ্রবেশকারী নন।তাঁরা CAA-র আওতায় নাগরিকত্ব পাবেন।
শুভেন্দুর আরেকটি বড় দাবি ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে রাজ্যের ৮০টি বিধানসভায় ভোটার বেড়েছে প্রায় ৩০%।এই বৃদ্ধিকে তিনি অস্বাভাবিক বলে মনে করছেন।তাঁর মতে, এই সব ভুয়ো নামের কারণেই ভোটে তৃণমূল জিতেছে।
আরও পড়ুন নেতৃত্ব নির্বাচনে জটিলতা! ধনখড়ের পদত্যাগে চাপ বিজেপিতে
শুধু ভোটার তালিকা নয়, বুথ লেভেল অফিসার বা BLO নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু।তিনি অভিযোগ করেন, এগরার মহকুমাশাসক ৮৪ জন ICDS এবং আশা কর্মীকে BLO হিসাবে নিয়োগ করেছেন, যা বেআইনি।কারণ, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, অস্থায়ী কর্মীরা BLO হতে পারেন না।শুভেন্দু আরও বলেন পশ্চিমবঙ্গ সরকার ERO নিয়োগেও নিয়ম ভাঙছে।দেশে নিয়ম রয়েছে, শুধু মহকুমাশাসকই ERO হতে পারেন।কিন্তু এখানে মুখ্যসচিব সেই নিয়ম মানছেন না।
তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন।
শুভেন্দু দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারদের রাখতে চান। আর কমিশন ও বিজেপি সেই নাম বাদ দিতে চায়। আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা। আর বিজেপি কারও বি-টিম বা সি-টিম নয়, এ রাজ্যের একমাত্র বিরোধী দল।
দিল্লিতে এক মহিলার উপরে পুলিশি অত্যাচারের ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী গুজব ছড়াচ্ছেন এমনও দাবি করেন শুভেন্দু।তিনি বলেন, এই মিথ্যা ভিডিওর জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হবে।এমনকি, তাঁর ভাই সৌমেন্দু অধিকারীকেও থানায় অভিযোগ করার জন্য বলেছেন শুভেন্দু।
এ“ভোটার তালিকা থাকবে কি না, কারা বাদ যাবে আর কে থাকবে এই বিশেষ সমীক্ষার শেষ পর্যন্ত কী ফলাফল হয় সেই দিকেই তাকিয়ে আছে গোটা বাংলা।
-জ্যোতি সরকার