সর্বশেষ সংবাদ
নেতৃত্ব নির্বাচনে জটিলতা! ধনখড়ের পদত্যাগে চাপ বিজেপিতে

নেতৃত্ব নির্বাচনে জটিলতা! ধনখড়ের পদত্যাগে চাপ বিজেপিতে

উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। নতুন করে সভাপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে ঘোর সংকটে গেরুয়া শিবির। সেইসঙ্গে নেতৃত্ব নির্বাচনে RSS-এর সঙ্গেও মত না মেলার ইঙ্গিত।

সম্প্রতি জগদীপ ধনখড়ের হঠাৎ পদত্যাগ বিজেপিকে নতুন করে চাপের মুখে ফেলেছে। একদিকে জাতীয় সভাপতির নির্বাচন নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত গেরুয়া শিবির। অন্যদিকে, নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র মারফত খবর, নতুন সভাপতির নাম প্রায় ঠিকই করে ফেলেছিল বিজেপি এবং তাতে RSS-এর সম্মতিও ছিল। এমনকি ১৫ই আগস্টের আশেপাশেই সভাপতির নাম ঘোষণা করা হতে পারে বলেও জল্পনা চলছিল। কিন্তু এখন পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। কারণ একইসঙ্গে উপরাষ্ট্রপতি পদেও উপযুক্ত প্রার্থী খুঁজে বের করতে হবে দলকে।

 

আরও পড়ুন  ফেসবুকে ভাইরাল "আমি মেটাকে অনুমতি দিচ্ছি না" পোস্ট — আসল সত্যি কী?

 

দলীয় সূত্রে জানা যাচ্ছে, বিজেপি এমন একজন প্রার্থী খুঁজছে যিনি রাজনীতিতে দক্ষ, আবার জাতিগত সমীকরণেও মানানসই। ফলে সভাপতি ও উপরাষ্ট্রপতির পদ বণ্টনে ভারসাম্য রাখতেই হবে। এই দুইয়ের মধ্যে একজন যদি উচ্চবর্ণ থেকে হন, তবে অন্যজন হতে পারেন ওবিসি বা দলিত সম্প্রদায় থেকে।

২০২২ সালে রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুকে নির্বাচিত করে বিজেপি এক বড় বার্তা দিয়েছিল, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসেবে। ঐ বছরই আবার উপরাষ্ট্রপতি হয়েছিলেন জগদীপ ধনখড়, যাঁকে কৃষক পরিবারের সন্তান হিসেবে তুলে ধরা হয়। এই নির্বাচনের মাধ্যমে কৃষক আন্দোলনের পর ক্ষুব্ধ জাট ভোটারদের মন জয় করতে চেয়েছিল বিজেপি।

তবে, এবারের পরিস্থিতি কিছুটা আলাদা। দলের অভ্যন্তরেই সভাপতির নাম নিয়ে মতানৈক্য চলছে। RSS-ও শক্তিশালী সংগঠনিক নেতা চায়, কিন্তু বিজেপির পছন্দের নামের সঙ্গে তাদের মত মিলছেনা। এই নিয়ে আলোচনা এখনও জারি আছে।

যদিও বিজেপির এক শীর্ষ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, উপরাষ্ট্রপতি প্রার্থীর নাম চূড়ান্ত করতে যে বৈঠক হবে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সভাপতির বিষয়েও আলোচনা করবেন। এই ইস্যু RSS নেতৃত্বের কাছেও তোলা হবে।

জানা যাচ্ছে, উপরাষ্ট্রপতি পদে দুটি ওবিসি নাম উঠে এসেছে। তাঁরা হলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তবে সঙ্ঘ এখনও কাউকে সিলমোহর দেয়নি। সব মিলিয়ে দেখা যাচ্ছে, বিজেপি ও আরএসএসের মধ্যে আপোষের অভাবেই সিদ্ধান্তে বিলম্ব হচ্ছে।

এদিকে আগস্টের শেষ নাগাদ নতুন উপররাষ্ট্রপতির নাম ঘোষণা করতে চায় দল। তার আগেই সভাপতির নামও স্পষ্ট করা দরকার। এখন দেখার, এই দুই গুরুত্বপূর্ণ পদের জন্য বিজেপি কী সিদ্ধান্ত নেয়। আবার শেষ পর্যন্ত RSS-এর সঙ্গে এই সিদ্ধান্তে কতটা ঐক্য প্রতিষ্ঠা হয়।

                                                                                                                                                              -দিশা দাস

পরবর্তী খবর