ভোররাত... চারদিক নিস্তব্ধ।সবাই ঘুমোচ্ছেন তখন।
কিন্তু একদল মানুষ ছুটে চলেছেন ঈশ্বর দর্শনের আশায়...তাঁরা জানতেন না, সামনেই অপেক্ষা করছে ভয়াবহ কিছু।এক মুহূর্ত... এক ধাক্কা... আর সব শেষ।
আজ ভোরে এক মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠল ঝাড়খণ্ডের দেওঘর।একটি বাস, যা পুণ্যার্থীদের নিয়ে যাচ্ছিল বৈদ্যনাথধামের দিকে, সেটি মুখোমুখি ধাক্কা মারে একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সঙ্গে।ঘটনাটি ঘটে দেওঘর-বাসুকিনাথ সড়কের জামুনিয়া চকের কাছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার সময়।দুর্ঘটনার পর বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গোড্ডা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।ঝাড়খণ্ড পুলিশের আইজি শৈলেন্দ্রকুমার সিন্হা জানিয়েছেন, ৩২ আসনবিশিষ্ট ওই বাসটিতে শুধু পুণ্যার্থীরাই ছিলেন। দুর্ঘটনাটি ঘটে মোহনপুর থানা এলাকার জামুনিয়া জঙ্গলের কাছে।
আরও পড়ুন রাজ্যের ওবিসি তালিকা নিয়ে আদালতে ফের টানাপোড়েন
প্রথমে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শুরু থেকেই আশঙ্কা করা হচ্ছিল।দুর্ঘটনার কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে।
সাংসদ নিশিকান্ত দুবে জানান, শ্রাবণ মাসের কাঁওয়ার যাত্রার সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন।এটি এক হৃদয়বিদারক ঘটনা। মৃতদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
-জ্যোতি সরকার