হঠাৎই থমকে গেল কলকাতার মেট্রো পরিষেবা! নীল লাইনের একেবারে শেষ প্রান্তে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা! সোমবার দুপুর থেকে কবি সুভাষ স্টেশন হয়ে উঠল বন্ধ...কিন্তু কেন? কী ঘটল সেই স্টেশনে?
কলকাতার মেট্রো নীল লাইনে সোমবার দুপুরের পর থেকে আর কোনও মেট্রো যাচ্ছিল না কবি সুভাষ স্টেশন পর্যন্ত। মেট্রো পরিষেবা আপাতত চলছে শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্মে চারটি পিলারে ফাটল দেখা গিয়েছে। সম্ভবত লাগাতার বৃষ্টির জন্য এই ফাটল হয়েছে বলে মনে করা হচ্ছে।
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে, কবি সুভাষ স্টেশনে আপাতত বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল। ইঞ্জিনিয়ারদের একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ফাটল দেখা পিলারগুলির সঙ্গে ছাদ যুক্ত থাকায়, কোনও ঝুঁকি না নিয়ে সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন জাতীয় নিরাপত্তা, সংস্কৃতি ও ভোটাধিকারসব দিক থেকেই ব্যর্থ কেন্দ্র! অভিযোগ অভিষেকের
মেট্রো সূত্রে আরও জানানো হয়েছে, দুপুরের আগে নীল লাইনে কোনও সমস্যা ছিল না। কিন্তু দুপুরের পর হঠাৎই সমস্যা দেখা দেয়, স্টেশনে স্টেশনে ঘোষণা করা হয়— মেট্রো আর যাবে না কবি সুভাষ পর্যন্ত। ফলে কিছু মেট্রো বাতিল করতে হয়। তারপর থেকেই শহিদ ক্ষুদিরাম পর্যন্তই যাত্রাপথ সীমিত করা হয়েছে। তবে চিন্তার কিছু নেই— অরেঞ্জ লাইনে, অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।অচিরেই কবি সুভাষ স্টেশনে আবার সচল হবে মেট্রো পরিষেবা...ততদিন পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। নিরাপদে থাকুন।
-জ্যোতি সরকার