‘সিঁদুর’ বিতর্কে তৃণমূলের অবস্থান স্পষ্ট করতে দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশানায় কেন্দ্র ও বিএসএফও।
লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ বিতর্কের আগে কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের। দিল্লি রওনা হওয়ার আগে পহেলগাঁও হামলার জঙ্গিদের অধরা থাকার প্রসঙ্গ তুলে জাতীয় নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কলকাতা বিমানবন্দরে বিস্ফোরক মন্তব্য, সিঁদুর বিতর্কে তৃণমূলের অবস্থান স্পষ্ট করতেই সংসদমুখী তিনি।
সোমবার লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ বিতর্কে তৃণমূলের পক্ষ থেকে বক্তৃতা দিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তার আগেই দলের অবস্থান স্পষ্ট করে কেন্দ্রকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যারা বাংলার ভাষা ও সংস্কৃতির উপর হামলা চালাচ্ছে তারা আগেও শিক্ষা পেয়েছে। এবার আরও কঠিন শিক্ষা পাবে। ২০২১ আর ২০২৪ ভুলে গেলে চলবে না। ২০২৬-এ মানুষ আরও স্পষ্ট বার্তা দেবে।
আরও পড়ুন ভোটের তালিকায় কারচুপি? দামামা বাজাতে প্রস্তুত মমতা!
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জঙ্গিরা এখনও ধরা পরেনি কেন তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, যারা হত্যাকাণ্ডে জড়িত তারা আজও ধরা পড়েনি কেন? এর দায় কে নেবে? কেন্দ্র কি দায় এড়াতে পারে? একই সঙ্গে অনুপ্রবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএসএফ ডিজির পদত্যাগ দাবি করে বলেন, যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তবে তা প্রমাণ করে কেন্দ্র ও সীমান্তরক্ষীরা ব্যর্থ। তাঁরা দায়িত্ব এড়াতে পারেন না। জাতীয় নিরাপত্তা প্রশ্নে সরকারের নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সূত্রের খবর, নির্বাচন কমিশনকে বিজেপির অনুচর আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ভোটার তালিকা থেকে পরিকল্পিত ভাবে বাংলাভাষীদের বাদ দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। বাংলায় বিজেপি বারবার হেরে যাওয়ার বদলা নিতে এই চক্রান্ত করা হচ্ছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
দিল্লি যাওয়ার আগে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টেও পাকিস্তানকে নিশানা করেন অভিষেক। লেখেন, ভারতের সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক থাকা উচিত নয়। একমাত্র সম্পর্ক হতে পারে যুদ্ধক্ষেত্রে। যার পুরস্কার হবে পাক অধিকৃত কাশ্মীর। ক্রিকেট ম্যাচ নিয়েও তীব্র আপত্তি শহিদের রক্ত খেলার মাঠে ধুতে পারে না। যদি ম্যাচ হয়ও হোক সীমান্তে ট্রফি ফিরুক পিওকে-এর রূপে।
এই অবস্থান তৃণমূলের রাজনীতিকে নতুন দিশায় নিয়ে যাবে কি না, তা সময়ই বলবে। তবে সংসদে ‘সিঁদুর’-কে ঘিরে তৃণমূল যে আর এক ধাপ চড়া সুরে নামছে তার আঁচ স্পষ্ট অভিষেকের বার্তায়।
-শ্রেয়া করণ