সর্বশেষ সংবাদ
করোনা অতিমারির মানসিক চাপেই মস্তিষ্কের বার্ধক্য! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

করোনা অতিমারির মানসিক চাপেই মস্তিষ্কের বার্ধক্য! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

নতুন এক গবেষণায় জানা যাচ্ছে করোনা পরবর্তী সময় মস্তিষ্কের বয়স বেড়েছে। কোভিড সংক্রমণ ছাড়াই অনেকের ওপর এর প্রভাব লক্ষ্য করা গেছে। সম্প্রতি Nature পত্রিকায় প্রকাশিত গবেষণায় উঠেএসেছে এমনই চমকপ্রদ তথ্য। 

বিশ্বজুড়ে কোভিড-19 অতিমারির সময় শুধু শরীর নয়, মানুষের মস্তিষ্কের ওপরও ব্যাপক প্রভাব ফেলেছে। এমনকি যারা কখনও ভাইরাসে আক্রান্তই হননি, তাঁদের মস্তিষ্কেও বয়স বৃদ্ধির চিহ্ন দেখা গেছে। এই বিষয়ে সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা 'Nature' –এ একটি গবেষণায় প্রকাশিত হয়েছে। ঐ গবেষণায় বলা হয়েছে, অতিমারির সময় মানুষের মস্তিষ্কের বয়স গড়ে ৫.৫ মাস বেশি হয়েছে।  অর্থাৎ মস্তিষ্কের প্রাকৃতিক বার্ধক্য ৫.৫ গুণ হারে ত্বরান্বিত হয়েছে।

এই গবেষণাটি করা হয়েছে যুক্তরাজ্যের বৃহৎ স্বাস্থ্য গবেষণা প্রকল্প 'UK Biobank' –এর ডেটার ভিত্তিতে। এতে দেখা গেছে, ২০২০ সালের পর যেসব অংশগ্রহণকারীর ব্রেন স্ক্যান করা হয়, তাঁদের মস্তিষ্কে বয়সজনিত পরিবর্তন আগের তুলনায় অনেক বেশি দেখা গেছে। গবেষকরা বলছেন, এই পরিবর্তন শুধু কোভিড সংক্রমণের কারণে হয়নি, বরং অতিমারিজনিত দীর্ঘ সময়ের লকডাউন, সামাজিক বিচ্ছিন্নতা, অনিশ্চয়তা, দুশ্চিন্তা ও জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে যাওয়ার ফলেই এমনটা হয়েছে।

 

আরও পড়ুন কাশ্মীরের জঙ্গিদমনে বড় সাফল্য: "অপারেশন মহাদেব" -এ নিহত পহেলগাঁও হত্যাকাণ্ডের সন্দেহভাজন

 

কাদের ওপর প্রভাব সবচেয়ে বেশি?

গবেষণায় দেখা গেছে, পুরুষ, বৃদ্ধ, অথবা আগে থেকেই স্বাস্থ্য সমস্যা আছে এমন ব্যক্তি, এছাড়া নিম্ন শিক্ষাগত যোগ্যতা ও কম আয়ের মানুষদের মস্তিষ্কে এই বয়সবৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে। মানসিক চাপ, একাকীত্ব এবং দৈনন্দিন রুটিনের ভেঙে পড়া মস্তিষ্কের কার্যকারিতায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।

বিশেষজ্ঞরা কী বলছেন?

এই বিষয়ে গুরগাঁও -এর ড. এমভি পদ্মা শ্রীবাস্তব, চেয়ারপারসন, নিউরোলজি, পারাস হেলথ, জানান, "এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটা প্রমাণ করে যে ভাইরাস না ছুঁয়েও মানুষ কীভাবে মানসিক ও সামাজিক চাপে আক্রান্ত হয়েছে। মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে হলে আমাদের এখন থেকেই সচেতন হতে হবে এবং দৈনন্দিন জীবনে কিছু ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে হবে।"

মস্তিষ্ককে সুস্থ রাখার পরামর্শ:

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক জীবনযাপন এবং কিছু সহজ অভ্যাসের মাধ্যমে মস্তিষ্কের বার্ধক্য রোধ করা সম্ভব। যেমন:

মানসিক চাপ কমানো: নিয়মিত মেডিটেশন, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা রিল্যাক্সেশন।

নিয়মিত ব্যায়াম: হাঁটা, যোগব্যায়াম বা হালকা অ্যারোবিক এক্সারসাইজ।

পর্যাপ্ত ঘুম: রাতে ৭–৮ ঘণ্টা ভালো ঘুম মস্তিষ্কের পুনরুদ্ধারে সহায়ক।

সামাজিক সংযোগ বজায় রাখা: পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা মানসিক স্বাস্থ্য উন্নত করে

পুষ্টিকর খাদ্য: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনে ভরপুর খাবার গ্রহণ।

মানসিক অনুশীলন: বই পড়া, ধাঁধা মেলা, নতুন ভাষা শেখা বা অন্য কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকা

যদিও গবেষকরা জানাচ্ছেন, এই পরিবর্তন স্থায়ী কিনা তা নিশ্চিত নয়, তবে সময়মতো সচেতন হলে এবং স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখলে ভবিষ্যতে এই প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব।

সবশেষে বলা হচ্ছে, কোভিড হয়তো চলে গেছে, কিন্তু তার প্রভাব এখনও আমাদের মস্তিষ্কে স্থায়ী। তাই এখনই সময় মস্তিষ্কের যত্ন নেওয়ার।

                                                                                                                                                                                                             -দিশা দাস

পরবর্তী খবর