ভারতীয় সেনাবাহিনীর ঝুলিতে বড় সাফল্য! এনকাউন্টারে হত পাক-জঙ্গি। নিহত জঙ্গিদের পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত থাকার সম্ভাবনা।
সোমবার ভোররাতে জঙ্গি দমনে "অপারেশন মহাদেব" অভিযান চালালেন ভারতের নিরাপত্তা বাহিনী। জানা গেছে, শ্রীনগরের ডাচিগাম জঙ্গল এলাকায় ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিহত পাকিস্তান-প্রশিক্ষিত তিন জঙ্গি। গোয়েন্দা সূত্রের খবর, উক্ত তিনজনই এপ্রিলের পহেলগাঁও সন্ত্রাসী হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন ভক্তি থেকে বিষাদ—জলাভিষেকের রাতে অনীশ্বর মন্দিরে মৃত্যু যাত্রা
সোমবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে লুকিয়ে থাকা অবস্থায় গুলি চালায় জঙ্গিরা। উল্টোদিক থেকে সেনা-পুলিশ বাহিনীও পাল্টা জবাব দেয়। দীর্ঘক্ষণ গুলির ছোড়াছুড়ির পর মারা যায় ঐ তিন জঙ্গি। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় AK-47 রাইফেল, গ্রেনেড, কার্তুজ ও আরও বিস্ফোরক।
এনকাউন্টারের পর এক পুলিশ আধিকারিক জানান, কয়েক দিন ধরেই এই জঙ্গিদের গতিবিধি তাঁরা নজরে রাখছিলেন। এমনকি নিশ্চিত ছিলেন যে ঐ জঙ্গিরাও বড় হামলার ছক কষছিল। সময়মতো অভিযান চালানোয় বড় বিপদ এড়ানো গেছে।
সূত্রের খবর, নিহত তিন জঙ্গির নাম সুলেমান, ইয়াসির এবং মুসা। এরা পহেলগাঁও কান্ডের সঙ্গে সরাসরি জড়িত। এমনকি মুসাকে ওই ঘটনার মাস্টার মাইন্ড হিসেবেও চিহ্নিত করা হয়েছে। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া ডিভাইস ও মোবাইল ডেটা খতিয়ে দেখা হচ্ছে, যদি অতিরিক্ত কিছু তথ্য মেলে সেই আশায়।
অন্যদিকে, পহেলগাঁও হামলার পর থেকেই উপত্যকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা ও পুলিশের তরফে জানানো হয়েছে, উপত্যকায় সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে।
-দিশা দাস