ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন শুভমন গিল। রবিবার ম্যাঞ্চেস্টারে শতরান করে শুধুমাত্র নিজের নবম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন না, এক দিনে একাধিক রেকর্ডও গড়ে ফেললেন ভারতীয় দলের এই তরুণ অধিনায়ক। বিশ্বের সবচেয়ে বড় কিছু নাম—ডন ব্র্যাডম্যান, গারফিল্ড সোবার্স ও সুনীল গাওস্করের মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম বসিয়ে ফেললেন শুভমন।
ইংল্যান্ডের মাটিতে এক টেস্ট সিরিজে ৭০০-র বেশি রান করা তৃতীয় ভারতীয় ব্যাটার এখন গিল। এর আগে শুধুমাত্র গাওস্কর এবং যশস্বী জয়সওয়াল এই কীর্তি গড়েছিলেন। শুভমন এদিন ১০৩ রানের ইনিংস খেলে চলতি সিরিজে তার রান নিয়ে গেলেন ৭২২-এ, ফলে টপকে গেলেন বিরাট কোহলির ২০১৪ সালের ৬৯২ রানের নজিরও।
শুধু তাই নয়, তিনি হয়ে উঠেছেন ভারতের প্রথম অধিনায়ক যিনি বিদেশের মাটিতে এক টেস্ট সিরিজে ৭০০-র বেশি রান করলেন। গাওস্কর অধিনায়ক হিসেবে একবার ঘরের মাঠে এই কীর্তি গড়েছিলেন, কিন্তু দেশের বাইরে এমন নজির আগে কোনও ভারতীয় অধায়কের ছিল না।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে মাত্র অষ্টম টেস্ট অধিনায়ক হিসেবে এক সিরিজে ৭০০ রান করার কীর্তি গড়লেন শুভমন। এই তালিকায় তার আগে আছেন ডন ব্র্যাডম্যান (দু’বার), সোবার্স, গ্রেগ চ্যাপেল, গাওস্কর, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ এবং গ্রেম স্মিথ।
এছাড়া, টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে চারটি শতরান করার বিরল কীর্তিও ছুঁয়েছেন গিল। ব্র্যাডম্যান ১৯৪৭-৪৮ মরশুমে এবং গাওস্কর ১৯৭৮-৭৯ মরশুমে একই কৃতিত্ব দেখিয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হল শুভমনের নাম।
আরও এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল ম্যাঞ্চেস্টার। ৩৫ বছর পর এই মাঠে কোনও ভারতীয় ব্যাটার টেস্ট শতরান করলেন। ১৯৯০ সালে এখানেই প্রথম আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। তারপর অনেক দিন কেটে গেলেও, সেই শূন্যতা যেন মিটল শুভমনের ব্যাটেই।
সবচেয়ে উল্লেখযোগ্য, SENA দেশের (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) মাটিতে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান ছিল সোবার্সের—৭২২। এবার সেই রেকর্ডে এসে পৌঁছে গিয়েছেন শুভমন গিলও। আর মাত্র এক রান দরকার, ইতিহাস টপকে একা দাঁড়াতে।
যে দৃঢ়তা, ধৈর্য আর ধারাবাহিকতায় শুভমন খেলছেন, তা নিঃসন্দেহে ইঙ্গিত দিচ্ছে—এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার হয়ে ওঠার দিকে তিনিও পা বাড়িয়ে দিয়েছেন। আগামী ম্যাচেই হয়তো আমরা আরেকটি ইতিহাসের সাক্ষী থাকব।
রিয়া হালদার