কলকাতার দমদম জংশনের কাছে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেল এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে এই শনিবার এবং রবিবার শিয়ালদা থেকে ছেড়ে যাওয়া এবং শিয়ালদায় এসে পৌঁছনো একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের রুট ও সময়সুচিতে পরিবর্তন আনা হয়েছে।
রেল সূত্রে জানানো হয়েছে, দমদম রিজিয়নে চলতে থাকা এই মেরামতির কাজ প্রায় সাত ঘণ্টা সময় ধরে চলবে, এবং এই সময়কালে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে বলে পূর্ব রেল জানিয়েছে এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে।
শনিবার, অর্থাৎ ২৬ জুলাই তারিখে, বাতিল হচ্ছে শিয়ালদা থেকে ডানকুনি রুটের আপ ৩২২৪৯ এবং ডাউন ৩২২৫২ নম্বর লোকাল ট্রেন। অন্যদিকে, রবিবার, অর্থাৎ ২৭ জুলাই বাতিল করা হয়েছে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন যেমন শিয়ালদা-হাবরা রুটের ৩৩৬৫৩ আপ ও ৩৩৬৫৪ ডাউন, শিয়ালদা-দত্তপুকুর ডাউন ট্রেন ৩৩৬১২, শিয়ালদা-বনগাঁ আপ ৩৩৮১৭ ও ডাউন ৩৩৮২৪, শিয়ালদা-বারাসাত আপ ৩৩৪৩১ ও ডাউন ৩৩৪৩২, এবং শিয়ালদা-ডানকুনি রুটের ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ ও ৩২২১৯ নম্বর আপ ট্রেন এবং সেইসঙ্গে ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮ ও ৩২২২০ নম্বর ডাউন ট্রেন।
এছাড়া, রবিবার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে যেমন ৩৩৮১২ ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল ট্রেনটি আর শিয়ালদায় যাবে না, তা দমদম ক্যান্টনমেন্টেই যাত্রা শেষ করবে; অপরদিকে ৩৩৮১৩ আপ শিয়ালদা-বনগাঁ ট্রেনটি আর শিয়ালদা থেকে ছাড়বে না, এটি যাত্রা শুরু করবে দমদম ক্যান্টনমেন্ট থেকে।একইভাবে, ৩৩৮১৪ ডাউন বনগাঁ-শিয়ালদা ট্রেনটি বারাসাতে গিয়ে থামবে এবং ৩৩৮১৫ আপ শিয়ালদা-বনগাঁ ট্রেনটি শিয়ালদা থেকে নয়, শুরু হবে বারাসাত থেকে।
দূরপাল্লার ট্রেন পরিষেবাতেও পরিবর্তন হয়েছে যেমন পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস (ট্রেন নম্বর ২২২০২), যা ২৬ জুলাই তারিখে পুরী থেকে ছাড়ার কথা ছিল সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে, তা দেরিতে রাত ১১টা ১৫ মিনিটে ছাড়বে এবং এই ট্রেনটি শিয়ালদা পৌঁছনোর আগে বরাহনগর রোড স্টেশনে কিছুটা সময়ের জন্য থামিয়ে রাখা হবে, যতক্ষণ না রক্ষণাবেক্ষণ ব্লক তুলে নেওয়া হয়।
এছাড়াও, বেশ কিছু ডাউন মেল বা এক্সপ্রেস ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে যেমন ১৩১৪৮ নম্বর বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১২৩৪৪ নম্বর হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল এবং ১২৩৭৮ নম্বর নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস এই ট্রেনগুলি পূর্ব নির্ধারিত ডানকুনি-দমদম জংশন হয়ে না গিয়ে, ব্যান্ডেল, নৈহাটি হয়ে দমদম জংশনের দিকে আসবে এবং যাত্রাপথে বেলঘরিয়া স্টেশনে থামবে।
সবশেষে, রেল কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে যে, এই ব্লক চলাকালীন সময়ে একাধিক ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে এবং যাত্রার আগে প্রত্যেক যাত্রীকে তাদের নির্দিষ্ট ট্রেনের সময়সূচি ও স্টপেজ অবশ্যই ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
- জ্যোতি সরকার