সর্বশেষ সংবাদ
অভিনেতা অক্ষয় কুমারের মানবিক উদ্যোগ! বিনামূল্যে চিকিৎসার সেবা

অভিনেতা অক্ষয় কুমারের মানবিক উদ্যোগ! বিনামূল্যে চিকিৎসার সেবা

বলিউডে আবারও নজির গড়লেন অভিনেতা অক্ষয় কুমার। শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও যে তিনি একজন প্রকৃত হিরো, তার প্রমাণ দিলেন আরও একবার। দেশের প্রায় ৬৫০ জন স্টান্টম্যান এবং অ্যাকশন ইউনিট সদস্যদের জন্য নিজের খরচে অক্ষয় কুমার ইনস্যুরেন্সের ব্যবস্থা করলেন। ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই উপেক্ষিত হওয়া সদস্যদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

সম্প্রতি দক্ষিণী ছবি ‘ভেট্টুভাম’-এর শুটিং চলাকালীন অভিজ্ঞ স্টান্টম্যান এস এম রাজুর মর্মান্তিক মৃত্যু স্টান্ট কমিউনিটিকে কাঁপিয়ে দেয়। এই ঘটনার পর স্টান্ট পারফর্মারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সামনে এল অক্ষয় কুমারের উদ্যোগ।

 

আরও পড়ুন আগাম সতর্কতার সত্ত্বেও, আওয়ামী লীগের NCP পদযাত্রা ঘিরে বিদ্বেষ! নিরাপত্তায় গলদ নাকি ইচ্ছাকৃত?

 

স্টান্ট কোরিওগ্রাফার বিক্রম সিং দাহিয়া জানান, এই ইনিশিয়েটিভের আওতায় দেশের বিভিন্ন প্রান্তের ৬০০-৭০০ জন স্টান্টম্যান ও অ্যাকশন ক্রু সদস্যের জন্য ৫-৫.৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ থাকছে। এটি শুধুমাত্র শুটিং সেটে নয়, সেটের বাইরেও কোনও দুর্ঘটনা ঘটলে সেই বিমা প্রযোজ্য হবে।

বলিউডে দীর্ঘদিন ধরেই অক্ষয় কুমার নিজের দয়ালু স্বভাব ও সমাজসেবামূলক কাজের জন্য পরিচিত। এর আগে শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানো  কিংবা কৃষকদের সাহায্য করা  একাধিক সময় তিনি নিঃশব্দে বড় বড় কাজ করে গেছেন। এবার স্টান্টম্যানদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করলেন, সিনেমার অ্যাকশন হিরোই বাস্তব জীবনের সত্যিকারের নায়ক।

ইন্ডাস্ট্রির অন্দরমহলে ইতিমধ্যেই অক্ষয়ের এই পদক্ষেপের প্রশংসা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই উদ্যোগে শুধু নিরাপত্তাই নয়, সম্মানও পেলেন স্টান্টম্যানরা। তাঁর এই মানবিক প্রচেষ্টায় অভিনন্দন জানিয়েছেন বহু সহকর্মী এবং সিনে প্রেমীরা।

এই উদ্যোগ নিঃসন্দেহে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটি উদাহরণ হয়ে থাকবে, যেখানে কাজের চাপে নয়, মানুষের জীবনের মূল্যকেই নজর দেওয়া হয়।

                                                                                                                                                                                                                                    -সুমনা প্রামাণিক                                                              

পরবর্তী খবর