আন্তর্জাতিক ক্রিকেটে কি সত্যিই ইতি টানতে চলেছেন আন্দ্রে রাসেল? কেকেআরের 'মাসল রাস' কি এবার আন্তর্জাতিক মঞ্চ থেকে গুডবাই বলবেন চিরতরে? এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে ক্রিকেটমহলে। কারণ সামনে এসেছে এমন এক খবর, যা ক্যারিবিয়ান ক্রিকেটপ্রেমীদের বুকের ভিতর ধাক্কা দিচ্ছে, আর কেকেআর সমর্থকদের মন ভরছে দোলাচলে।
ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে স্কোয়াডে থাকলেও, শোনা যাচ্ছে তিনি শুধুমাত্র প্রথম দুটো ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। এবং ব্যাপারটা এখানেই থেমে নেই — এই দুটি ম্যাচ জামাইকার সাবাইনা পার্কে, অর্থাৎ তাঁর ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। যেন নিজভূমেই শেষবারের মতো দেশের জার্সিতে নামবেন 'মাসল রাস'।
২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন রাসেল। ২০১২ এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ, করেছেন ১০৭৮ রান (গড় ২২, সর্বোচ্চ ৭১, স্ট্রাইক রেট ১৬৩.০৮)। বল হাতেও সফল—৬১ উইকেট, গড় ৩০.৫৯।
এমন একজন অভিজ্ঞ অলরাউন্ডার, যাঁর স্টাইল ও শক্তিতে মুগ্ধ হয়ে থাকেন ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলো, তিনি এবার সরে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তার উপর, মাত্র দু’মাসের মধ্যে রাসেল ও নিকোলাস পুরান ( দুই ক্যারিবিয়ান তারকা ) আন্তর্জাতিক অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই অভিজ্ঞদের এই বিদায় নিশ্চিত ভাবেই এক বড় ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট কাঠামোর জন্য।
তবে প্রশ্ন রয়ে যাচ্ছে — আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও, আইপিএলে কেকেআরের হয়ে রাসেলকে আগামী মরসুমে আমরা দেখতে পাব তো? এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও স্পষ্ট বার্তা আসেনি। কেকেআরের ঘরভর্তি ভক্তদের হৃদয় এখন অপেক্ষার প্রহরে |
-শ্রেয়সী সরকার