সর্বশেষ সংবাদ
দিল্লিতে নজিরবিহীন নাটকীয়তা: ধর্নার পর প্রিজন ভ্যানে মমতা ও তৃণমূল সাংসদরা, ক্ষোভে ফুঁসছেন কুণাল ঘোষ

দিল্লিতে নজিরবিহীন নাটকীয়তা: ধর্নার পর প্রিজন ভ্যানে মমতা ও তৃণমূল সাংসদরা, ক্ষোভে ফুঁসছেন কুণাল ঘোষ

ককরোচ জনতা পার্টির (CJP) যন্তর মন্তর অভিযানকে কেন্দ্র করে শনিবার কার্যত দুর্গের চেহারা নিল দেশের রাজধানী। দেশজুড়ে বিরোধী নেতৃত্বের ধরপাকড়ের আবহেই সবচেয়ে বড় নাটকীয়তা তৈরি হলো সাউথ অ্যাভিনিউ চত্বরে। ছাত্র-যুবদের বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে দিল্লি পুলিশের হাতে আটক হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই প্রিজন ভ্যানে তোলা হলো দলের একাধিক শীর্ষ সাংসদকে।  

শনিবার সকালে সাউথ অ্যাভিনিউয়ের ১৮৩ নম্বর বাসভবন থেকে যন্তর মন্তরের উদ্দেশে বেরোনোর কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বাড়ি থেকে বেরোতেই পুলিশ তাঁকে পথ আটকে দেয়। বাধাপ্রাপ্ত হয়ে তিনি সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডেই অবস্থান ধর্নায় বসে পড়েন। তাঁর সঙ্গে অবস্থানে শামিল হন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল এবং সামিরুল ইসলাম। ঘটনাস্থল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, যন্তর মন্তরে যেতে না দিলে বিকেল ৫টা পর্যন্ত তিনি ওই বাসস্ট্যান্ডেই বসে থাকবেন। তৃণমূলনেত্রীর কথায়, "জেন-জি আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, আমরা ছাত্র ও যুব সমাজের পাশেই আছি।"  

 

আরও পড়ুন  মহালয়ার পরেই বদলে যাচ্ছে আবহাওয়া, পুজোয় বৃষ্টির ভ্রূকুটি নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

 

দিল্লির এই ঘটনায় দ্রুত রাজনৈতিক প্রতিক্রিয়া দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি সমাজমাধ্যমে একের পর এক পোস্ট করে দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে না দিয়ে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে এবং কোনো গণতান্ত্রিক প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না। এর কিছুক্ষণের মধ্যেই মুখে হলুদ লিউকোপ্লাস্ট সেঁটে নীরব প্রতিবাদে বসেন তৃণমূলনেত্রী। সেই ছবি প্রকাশ করে কুণাল ঘোষ লেখেন, "মুখ বন্ধ। দিল্লিতে গণতন্ত্র হত্যার প্রতিবাদে দিদি। এরপর পুলিশ তাঁকে এবং সাংসদদের গ্রেপ্তারও করে নিয়ে যায়।"  

এদিকে সময় গড়াতেই বাসস্ট্যান্ড চত্বরে মোতায়েন হয় বিশাল পুলিশ ও আধা সেনা বাহিনী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশ বলপ্রয়োগ করে তৃণমূল নেতাদের আটক করতে শুরু করে। তৃণমূল সংসদদের তীব্র প্রতিরোধ ও স্লোগানের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতাদের একরকম টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। ভ্যান চলতে শুরু করতেই ভিতর থেকে তৃণমূলনেত্রীকে ক্ষোভের সঙ্গে বলতে শোনা যায়, "এমনভাবে চালাচ্ছে, অ্যাকসিডেন্ট করে দেবে।"  

শুধু তৃণমূল শীর্ষ নেতৃত্বই নন, শনিবার সকাল থেকেই কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে নয়াদিল্লিকে। বিমানবন্দর থেকেই আলাদা আলাদা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সিজেপি আহ্বায়ক অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে। আটক করা হয়েছে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, জন ব্রিট্টাস, সিপিএমের বৃন্দা কারাট, আইসা সভানেত্রী নেহা বোরা এবং মুম্বই থেকে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকেও। রাজধানীতে জারি করা হয়েছে সাতস্তরীয় নিরাপত্তা বেষ্টনী, বন্ধ করে দেওয়া হয়েছে ৪৫টি মেট্রো স্টেশন এবং বাতিল হয়েছে একাধিক ট্রেন।  

রাজধানীতে বিরোধীদের রুখতে পুলিশি তৎপরতা চরমে পৌঁছালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রিজন ভ্যানে তোলার ঘটনা জাতীয় রাজনীতিকে বড়সড় নাড়া দিয়েছে। ধরপাকড় চালিয়ে এই উত্তাল গণআন্দোলন দমিয়ে রাখা যাবে, নাকি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের এই যৌথ লড়াই আরও বড় রাজনৈতিক ঝড়ে রূপ নেবে, সেদিকেই এখন নজর গোটা দেশের।

                                                                                     -জ্যোতি সরকার

পরবর্তী খবর