রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান বামপন্থী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার ভোরে তাঁর বাড়ি লক্ষ্য করে মদের বোতল ছোড়ার অভিযোগ ওঠে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মূল অভিযুক্ত বাপ্পা গুছাইতকে গ্রেফতার করে পুলিশ। তবে হামলার পর বিকাশরঞ্জন ভট্টাচার্যের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে বিতর্ক চরমে পৌঁছায়। পোস্টে হামলার জন্য 'হিন্দুত্ববাদী গুন্ডাদের' দায়ী করায় তাঁর বিরুদ্ধে দুটি থানায় এফআইআর দায়ের হয় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই শব্দ প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।
আরও পড়ুন পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! পঞ্চমী থেকে অষ্টমী ভিজবে বাংলা, নবমী থেকে কি কাটবে দুর্যোগ?
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার ভোরবেলা বাইকে চেপে এসে মুখ ঢাকা একদল দুষ্কৃতী পূর্ব যাদবপুরের বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি লক্ষ্য করে কাচের মদের বোতল ছোড়ে। জানলার কাচ ভেঙে যায় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর বিকাশরঞ্জনবাবু সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে লেখেন, তাঁর বাড়িতে হামলা চালিয়েছে ‘হিন্দুত্ববাদী গুন্ডারা’। এদিকে ঘটনার তদন্তে নেমে গড়িয়ার বাসিন্দা বাপ্পা গুছাইত নামের এক যুবককে দ্রুত গ্রেফতার করে পুলিশ এবং তাঁর বাইক বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূলের নাম উঠে এলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের দাবি।
বিকাশরঞ্জনের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, হামলার ঘটনা অনভিপ্রেত এবং প্রশাসন দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে ধরেছে। কিন্তু কোনও তদন্ত ছাড়া গোটা হিন্দু সমাজকে কাঠগড়ায় তুলে ‘হিন্দুত্ববাদী’ শব্দ প্রয়োগ করা অত্যন্ত আপত্তিকর। গড়ফা ও কসবা থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে বিকাশরঞ্জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ বা ‘হিন্দু’ শব্দটি বাদ না দিলে পুলিশ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পোস্ট ডাউন করানো হবে এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানান বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কোনো চাপের কাছে নতিস্বীকার করতে নারাজ বিকাশবাবু জানান, তিনি কোনো ক্ষমা বা করুণা চাইছেন না। শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ করে তিনি বলেন, একটা কেন, তাঁর বিরুদ্ধে একশোটা তদন্ত করা হোক। তিনি আরও মন্তব্য করেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য তিনি বাংলায় অনূদিত সংবিধানের একটি কপি পাঠিয়ে দেবেন, মুখ্যমন্ত্রী আগে সেই সংবিধান পড়ুন, তারপর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবুন। পাশাপাশি ধৃত ব্যক্তির আসল মদতদাতা কে, তা খুঁজে বের করার দাবিও জানান তিনি।
হামলাকারী গ্রেফতার হলেও ‘হিন্দুত্ববাদী’ শব্দ প্রয়োগ এবং তার প্রেক্ষিতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, এই জোড়া ইস্যুতে শাসক ও বিরোধীদের তরজা এখন তুঙ্গে। একদিকে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অনড় শাসক শিবির, অন্যদিকে বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে পাল্টা সুর চড়িয়েছেন বাম নেতৃত্ব। ফলে এই ঘটনা প্রশাসনিক গণ্ডি পেরিয়ে এক গভীর রাজনৈতিক সংঘাতের রূপ নিয়েছে।
-জ্যোতি সরকার