সর্বশেষ সংবাদ
পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! পঞ্চমী থেকে অষ্টমী ভিজবে বাংলা, নবমী থেকে কি কাটবে দুর্যোগ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! পঞ্চমী থেকে অষ্টমী ভিজবে বাংলা, নবমী থেকে কি কাটবে দুর্যোগ?

দেবীপক্ষের শুরুতেই মন খারাপ করা খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পুজোয় নতুন জামা গায়ে প্যান্ডেল হপিংয়ের আনন্দ মাটি করতে হাজির হতে পারে বৃষ্টি। হাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, উৎসবের দিনগুলিতে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকছে না বঙ্গে। বিশেষ করে দক্ষিণবঙ্গে পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুজোর শেষ লগ্নে, অর্থাৎ নবমী থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

 

আরও পড়ুন পুজোর আবহেই বাংলা সংবাদ জগতে বিষাদের সুর! মাত্র ৪৭-এ বিদায় নিলেন এবিপি আনন্দের জনপ্রিয় সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

 

মহালয়ার দিন থেকেই রাজ্যের আবহাওয়ায় অস্থিরতার আভাস মিলছে। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকার পাশাপাশি কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে মহালয়ার পর থেকে তৃতীয়া পর্যন্ত মহানগরে বৃষ্টির দাপট তেমন থাকবে না। চতুর্থী থেকে ফের আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের জেরে পঞ্চমী থেকেই মূলত বৃষ্টির তীব্রতা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা।

পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ বেশি হতে পারে। সপ্তমী ও অষ্টমী, এই দু’দিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি থাকছে। এই দিনগুলিতে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য স্বস্তির খবর কিছুটা বেশি। মহালয়ার দিন উত্তরের কিছু জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও পঞ্চমী পর্যন্ত আবহাওয়া মোটের উপর পরিষ্কার থাকবে। এরপর ষষ্ঠী ও সপ্তমীতে উত্তরের কিছু অংশে সামান্য বৃষ্টি হলেও অষ্টমীর পর থেকে সেখানে আবহাওয়া পুরোপুরি শুকনো হয়ে যাবে।
পুজোপ্রেমীদের জন্য সবচেয়ে বড় আশার আলো নবমী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নবমী অর্থাৎ ২০ অক্টোবর থেকে রাজ্যজুড়ে হাওয়া বদল হতে পারে। নবমী, দশমী এবং একাদশীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে; আবহাওয়া থাকবে মূলত শুকনো। তাই পুজোর শুরুর দিনগুলিতে ছাতা বা রেনকোট সঙ্গে রাখার প্রয়োজন হলেও, উৎসবের শেষলগ্নে বৃষ্টিহীন মনোরম আবহাওয়ায় প্রতিমা দর্শন ও বিজয়ার আনন্দ উপভোগ করা যাবে বলেই মনে করা হচ্ছে।

                                                                                                                                                  - জ্যোতি সরকার

পরবর্তী খবর