উৎসবের আমেজে মেতেছে গোটা বাংলা। চারিদিকে যখন পুজোর প্রস্তুতি, তখনই বৃহস্পতিবারের সকালটা বাংলা সংবাদমাধ্যমের জন্য নিয়ে এল এক গভীর শোকের খবর। মাত্র ৪৭ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন এবিপি আনন্দের দীর্ঘদিনের পরিচিত মুখ ও জনপ্রিয় সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ।
বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ কলকাতার ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন তিনি। চলছিল কেমোথেরাপিও। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরতরে থেমে যায় তাঁর দীর্ঘ লড়াই।
আরও পড়ুন শোকের ছায়া বিনোদন জগতে: হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছরে প্রয়াত নানা পটেকর
দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার জগতের সঙ্গে যুক্ত ছিলেন পাপিয়া। এবিপি আনন্দের পর্দায় তাঁর সঞ্চালনা ছিল দর্শকের কাছে অত্যন্ত পরিচিত ও প্রিয়। "নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছি আমি পাপিয়া..." - তাঁর এই স্পষ্ট কণ্ঠস্বর, যথাযথ বাংলা উচ্চারণ আর আত্মবিশ্বাসী উপস্থাপনা আলাদা নজর কাড়ত। রাজনৈতিক বিতর্ক, ব্রেকিং নিউজ, বিনোদন কিংবা উৎসবের লাইভ সম্প্রচার, প্রতিটি দায়িত্বই তিনি সামলেছেন সমান দক্ষতায়। সংবাদ পাঠের পাশাপাশি আবৃত্তিতেও তাঁর বিশেষ অনুরাগ ছিল।
ক্যামেরা আর খবরের ব্যস্ত দুনিয়ার বাইরে মানুষ হিসেবে তিনি ছিলেন ভীষণ প্রাণখোলা। ভালোবাসতেন প্রকৃতি, গাছপালা পরিচর্যা আর নিজের হাতে বাগান সাজাতে। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একরাশ ইতিবাচক শক্তির উৎস।
গত বছরের ডিসেম্বরে অকালে প্রয়াত সহকর্মী সন্দীপ্তা চট্টোপাধ্যায়ের উদ্দেশে স্মৃতিচারণ করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা লিখেছিলেন পাপিয়া। সেই শোকের রেশ কাটতে না কাটতেই এবার নিজেই চলে গেলেন স্মৃতি হয়ে।
মৃত্যুকালে তিনি স্বামী ও এক পুত্রসন্তানকে রেখে গিয়েছেন। খবরের চেনা মুখটির এমন আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মী, পরিবার এবং অগণিত গুণগ্রাহী দর্শক। টেলিভিশনের পর্দায় আর হয়তো শোনা যাবে না তাঁর সেই চেনা কণ্ঠ, তবে দর্শকের হৃদয়ে তাঁর অমলিন হাসি আর তেজস্বী পেশাদারিত্ব রয়ে যাবে চিরকাল।
-দিশা দাস