সর্বশেষ সংবাদ
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলা: মদের বোতল ছুড়ে ভাঙল কাচ, আতঙ্কে এলাকা

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলা: মদের বোতল ছুড়ে ভাঙল কাচ, আতঙ্কে এলাকা

 বৃহস্পতিবার ভোরবেলা কলকাতার প্রাক্তন মেয়র, বর্ষীয়ান আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনা ঘটল। ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় তাঁর বাসভবন লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা কাচের মদের বোতল ছোড়ে বলে অভিযোগ। এই অতর্কিত হামলায় বাড়ির জানলার কাচ ও বারান্দার স্লাইডিং ডোর ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার আকস্মিকতায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

 

আরও পড়ুন পুজোর মুখে আবহাওয়ার খামখেয়ালিপনা: মহালয়ায় কি কাটবে বৃষ্টির মেঘ? জানাল হাওয়া অফিস

 

জানা গিয়েছে, এদিন ভোর আনুমানিক পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাইকে চেপে মুখ ও গাড়ির নম্বর প্লেট কালো কাপড়ে ঢেকে এক ব্যক্তি আসে এবং ব্যাগ থেকে একের পর এক কাচের বোতল বের করে বাড়ির দোতলা ও তিনতলার জানলা লক্ষ্য করে ছুড়তে থাকে। বোতলের আঘাতে জানলার কাচের পাশাপাশি একটি সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বাড়ির গৃহসহায়িকা অল্পের জন্য রক্ষা পান। যাওয়ার আগে দুষ্কৃতীরা অশ্রাব্য গালিগালাজ ও হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ।

ঘটনার পর বিকাশরঞ্জন ভট্টাচার্য পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, এই আক্রমণ অত্যন্ত পরিকল্পিত এবং তিনি নিজের নিরাপত্তার স্বার্থে এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করবেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হাই কোর্টের আইনজীবীদের একাংশ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার কথা জানিয়েছেন।

এই ঘটনার পর শহরের বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। পূর্ব যাদবপুর থানার পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। হামলাকারীদের উদ্দেশ্য রাজনৈতিক নাকি অন্য কোনো ব্যক্তিগত আক্রোশ, তা নিয়ে তদন্ত জারি রয়েছে।

                                                                                                                                             -জ্যোতি সরকার

পরবর্তী খবর