সর্বশেষ সংবাদ
বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু: শারীরিক অবস্থা এখন স্থিতিশীল

বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু: শারীরিক অবস্থা এখন স্থিতিশীল

পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে আচমকাই তিনি বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা অবিলম্বে তাঁর চিকিৎসা শুরু করেন এবং একাধিক জরুরি শারীরিক পরীক্ষা সম্পন্ন করেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিদেশ সফর সেরে কলকাতায় ফিরেছিলেন স্পিকার রথীন্দ্র বসু। দেশে ফেরার পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পেতেই শুক্রবার দিনভর বিধানসভায় মহাত্মা গান্ধী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী উদ্‌যাপন সহ একাধিক কর্মসূচিতে টানা ব্যস্ত ছিলেন তিনি। এই টানা শারীরিক ক্লান্তি ও ধকলের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান।

 

আরও পড়ুন পুজোর মুখে বিদায় নিচ্ছে বর্ষা, তবে স্বস্তি নেই! ভ্যাপসা গরমে ভিজবে বাংলা

 

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথমবার বিধানসভায় পা রাখেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর মে মাসে বিধানসভার স্পিকার পদে তাঁর নাম প্রস্তাব করা হয় এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্র বসু দীর্ঘ দিন আরএসএসের সঙ্গে যুক্ত থাকার পর ২০১১-১২ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দেন এবং জেলা ও রাজ্য স্তরে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ বুলেটিন অনুযায়ী, স্পিকারের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে ভয়ের বা আশঙ্কার কোনও কারণ নেই। তবে শারীরিক অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিকিৎসকরা তাঁকে এখনও পর্যবেক্ষণে রেখেছেন।

                                                                                                                                                                                -জ্যোতি সরকার

পরবর্তী খবর