দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির আর্থিক অনিয়ম মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির নথিতে এবার উঠে এলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ২০২২ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির রাতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ফোন কল থেকে শুরু করে ২০২৬ সালে এসে প্রাক্তন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনের সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৩০ লক্ষ টাকা স্থানান্তর, চার বছরের ব্যবধানে কেন্দ্রীয় এজেন্সির বয়ানে দ্বিতীয়বার জুড়ল তৃণমূল নেত্রীর নাম। এই তথ্য প্রকাশ্যে আসতেই শাসকদল বিজেপি এবং প্রধান বিরোধী দল তৃণমূলের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সংঘাত।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি, ইউনেস্কোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে ‘মাস আর্ট’ নামক একটি সংস্থার মাধ্যমে কলকাতার দুর্গাপুজোর প্রিভিউ শোর টিকিট বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতি চালানো হয়েছে। অর্থ তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ (PMLA)-এর আওতায় এই মামলার তদন্তে নেমে সম্প্রতি প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-অফিসে তল্লাশি এবং সিজিও কমপ্লেক্সে তাঁকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপরই ইডির পেশ করা বিবৃতিতে দাবি করা হয়, ইন্দ্রনীল সেনের সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ লক্ষ টাকা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে পৌঁছেছিল। এ ছাড়াও, ইন্দ্রনীল সেন মন্ত্রী থাকাকালীন তাঁর অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকার নগদ জমা এবং ঘনিষ্ঠদের সংস্থাকে ৮৫ কোটি টাকার বেশি সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে ইডি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি অভিযুক্ত হিসেবে উল্লেখ করেনি।
আরও পড়ুন ভারী বৃষ্টির ভয় নেই, তবে বজায় থাকবে ভ্যাপসা গরম! জেনে নিন কেমন থাকবে আবহাওয়া?
এদিকে এই লেনদেনের তথ্য সামনে আসতেই বিরোধী দল তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে কড়া সাফাই। তদন্তকারীদের কাছে ইন্দ্রনীল সেন জানিয়েছিলেন, ওই অর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গানের ‘রয়্যালটি’ বাবদ দেওয়া হয়েছিল। তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত বই লেখার পাশাপাশি বহু বছর ধরে গান লেখেন ও সুর দেন। সেই গান বাণিজ্যিকভাবে প্রকাশ ও বিক্রির সূত্রে নিয়ম মেনে টিডিএস (TDS) কেটে এবং চেক বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে রয়্যালটি দেওয়া হয়েছে। এই অর্থ প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়কর বিবরণীতেও দেখানো রয়েছে। জাতীয় স্তরে নির্বাচন কমিশন সংক্রান্ত সাম্প্রতিক বিতর্ক থেকে নজর ঘোরাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই প্রচার চালানো হচ্ছে বলে তৃণমূল শিবিরের দাবি।
অন্যদিকে, ইডির নথিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম উঠে আসতেই বিরোধী নেত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছে রাজ্যের বর্তমান শাসকদল বিজেপি। বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, নিজেকে সততার প্রতিমূর্তি সাজিয়ে রেখে বাকিদের ফাঁসানোর চালাকি আর বেশিদিন চলবে না। নেতা-মন্ত্রীরা সবাই কলুষিত হয়ে জেলে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে এতদিন কালি লাগেনি, তবে এবার আসল সত্য প্রকাশ্যে আসছে। অপর বিজেপি নেতা তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং আরও আক্রমণাত্মক সুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি তোলেন। একই সুরে সরব হয়েছে সিপিএমও; দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং বিজেপি নেতারা যৌথভাবে দাবি তুলেছেন, তদন্ত যেন নিছক বয়ানে বা চুনোপুঁটিতে আটকে না থেকে দুর্নীতির একেবারে মূল মাথা পর্যন্ত পৌঁছায়।
অতীতে তৃণমূলের জমানায় সারদা বা রোজভ্যালির পর্বে ছবি বিক্রি নিয়ে বিতর্ক উঠলেও, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রকাশ্য প্রেস বিজ্ঞপ্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ লেনদেনের উল্লেখ এই প্রথম। বিরোধী শিবিরের দেওয়া গানের বৈধ রয়্যালটি ও আয়করের হিসাবের পাল্টা শাসক বিজেপির দুর্নীতির অভিযোগ, সব মিলিয়ে দুর্গাপুজোর পাস কেলেঙ্কারির এই তদন্ত আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।
-জ্যোতি সরকার