যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক উত্তাপ থিতিয়ে আসার আগেই এবার রাজ্যের রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কলকাতার ঐতিহ্যবাহী সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)।
গত রবিবার ক্যাম্পাসের সেমিনার হলে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে যে তাণ্ডব ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে কেবল শিক্ষার পরিবেশই প্রশ্নের মুখে পড়েনি, বরং রাজ্য রাজনীতিতেও উসকে দিয়েছে নতুন বিতর্ক।
আরও পড়ুন প্রতীক ফ্রিজ মামলায় সুপ্রিম নির্দেশের পর ক্ষোভে ফাটলেন কুণাল-কল্যাণ!
ঘটনার সূত্রপাত গত রবিবার দুপুরে। জানা গিয়েছে, এসআরএফটিআই-এর সেমিনার হলে আরএসএস-ঘনিষ্ঠ সংগঠন ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’-এর একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সংগঠকদের দাবি, তারা কর্তৃপক্ষের নির্ধারিত ফি জমা দিয়ে এবং সমস্ত অনুমতি নিয়েই সেমিনার হল বুক করেছিলেন। তবে অনুষ্ঠান চলাকালীন পরিস্থিতি দ্রুত জটিল হতে শুরু করে। একদল ছাত্র হলের বাইরে জড়ো হয়ে প্রতিবাদী স্লোগান দিতে থাকে এবং সভা পণ্ড করার চেষ্টা করে। কথা কাটাকাটি থেকে শুরু হওয়া সেই বচসা নিমেষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় ক্যাম্পাসের অভ্যন্তরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির জেরে দীর্ঘক্ষণ ক্যাম্পাসের ভেতরে অবরুদ্ধ হয়ে থাকেন শিক্ষক ও সাধারণ ছাত্রছাত্রীরা। এই মারামারিতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাঁদের মধ্যে দু’জনের আঘাত অত্যন্ত গুরুতর। ক্যাম্পাস চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। এই ঘটনায় ইতিমধ্যেই পঞ্চসায়র থানায় তিনটি পৃথক এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
সংঘর্ষ থামলেও ঘটনার পর থেকেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। আক্রান্ত শিক্ষার্থীদের একাংশের দাবি, সেমিনার হলের নাম করে বিপুল সংখ্যক বহিরাগতকে ভেতরে ঢুকিয়ে আনা হয়েছিল এবং তারাই পরিকল্পিতভাবে ছাত্রদের ওপর হামলা চালায়। অন্যদিকে, পাল্টা অভিযোগ এনেছে এবিভিপি ও আয়োজক সংস্থা। প্রেস বিজ্ঞপ্তি জারি করে তাদের দাবি, নিয়ম মেনে শান্তিপূর্ণ সভা করা সত্ত্বেও এসএফআই ও অতিবাম মনোভাবাপন্ন ছাত্ররা বহিরাগতদের সঙ্গে নিয়ে এসে তাণ্ডব চালিয়েছে। একই সঙ্গে স্বামী বিবেকানন্দ ও ভারতমাতার ছবি ছিঁড়ে পদদলিত করার মতো গুরুতর অভিযোগও তুলেছেন তারা।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে অত্যন্ত তীব্রভাবে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার কড়া সুরে হুমকি দিয়ে জানিয়েছেন, "অতিবাম কিংবা ছোট বাম, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং হিংসার জবাবে রাজনৈতিক থেরাপি দেওয়া হবে"।
এর পাশাপাশি, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের হিংসাই গ্রহণযোগ্য নয়। মনীষীদের ছবি অবমাননার অভিযোগ সত্যি প্রমাণিত হলে পুলিশ তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে।
তবে বিষয়টিকে কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ বিশ্লেষকরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অস্থিরতা থেকে শুরু করে অতি সম্প্রতি সংবাদমাধ্যমের দপ্তরের সামনে রাজনৈতিক ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ার ঘটনা প্রমাণ করে যে, রাজ্যে রাজনৈতিক প্রভাব বিস্তারের এই প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে।
ক্ষমতার লড়াই এখন রাজপথ ছাড়িয়ে সংবাদমাধ্যম ও শীর্ষস্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আঙিনায় পৌঁছেছে। একপক্ষের কর্মসূচি আর অন্যপক্ষের প্রতিরোধের মাঝে পড়ে বারবার বলির পাঠা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পঠনপাঠনের পরিবেশ। পুলিশি তদন্তের মাধ্যমে আসল সত্য কতটা প্রকাশ্যে আসে, এখন সেটাই দেখার।
-অঙ্কিতা পাল